সর্বোচ্চ দুই কেটি টাকা পর্যন্ত অভ্যন্তরীণ কেনাকাটার ক্ষেত্রে ঠিকাদারের পূর্ব-অভিজ্ঞতার প্রয়োজন হবে না—এই প্রস্তাব রেখে গতকাল সোমবার সংসদে পাবলিক প্রকিউরমেন্ট বা গণ খাতে ক্রয় (সংশোধন) বিল, ২০১০ সংসদে উত্থাপন করা হয়েছে। এতে প্রস্তাব করা হয়, এই পরিমাণ কেনাকাটার ক্ষেত্রে উন্মুক্ত দরপত্রের প্রয়োজন হবে না। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বিলটি উত্থাপন করেন। বিলে প্রাক্কলিত দরের চেয়ে সর্বোচ্চ ৫ শতাংশের কম অথবা বেশি প্রস্তাব করা হলে ওই প্রস্তাব সরাসরি বাতিলের বিধান রাখা হয়েছে। একাধিক দরপত্রের একই দর প্রস্তাব করা হলে তা লটারির মাধ্যমে নির্বাচনের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া দরপত্র জমাদানের স্থান হিসেবে মাঠপর্যায়ে বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার ও জেলা জজের কার্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে।এ ছাড়া গতকাল বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী পাট (সংশোধন) বিল, ২০১০ সংসদে উত্থাপন করেন। দুটি বিলই পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। চার্টার্ড সেক্রেটারিজ বিল পাস: গতকাল সংসদে চার্টার্ড সেক্রেটারিজ বিল, ২০১০ সর্বসম্মতভাবে পাস হয়েছে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। চার্টার্ড সেক্রেটারি পেশার উন্নয়ন, প্রসার, নিবন্ধন ও নিয়ন্ত্রণে পেশাগত উদ্যোগ নেওয়ার জন্য এ বিলটি আনা হয়েছে।এ ছাড়া সংসদে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল দুটি বিল সম্পর্কে কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন। বিল দুটি হলো স্ট্যাম্প (সংশোধন) বিল, ২০১০ ও আয়কর (সংশোধন) বিল, ২০১০।