দুই কোটি টাকা ফেরত যাবে, তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩১ মের মধ্যে কাজ করতে না পারলে দুই কোটি টাকা ফেরত যাবে। তাই রংপুর পৌর কর্তৃপক্ষ গত শনিবার তড়িঘড়ি করে শহরের মধ্যে দুই কিলোমিটার এলাকায় বিদ্যুতের খুঁটি বসানোর কাজ শুরু করেছে। এদিকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে ডিভাইডার রেখা নির্ধারণ করা হলেও পৌর কর্তৃপক্ষ তা মানছে না। তাদের ইচ্ছামতো খুঁটি বসানো হচ্ছে বলে সংশ্লিষ্ট বিভাগের অভিযোগ। চার লেন প্রশস্তকরণে সড়ক ও জনপথ বিভাগ ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছে। শিগগিরই কাজ শুরু করা হবে। আর তখন এসব খুঁটি সরাতে হবে।পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর ভবনের সামনে থেকে পূর্ব-পশ্চিমে দুই কিলোমিটার এলাকায় সড়কের মধ্যখানে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ গত শনিবার পৌরসভার মেয়র উদ্বোধন করেছেন। ৭০ ফুট পর পর একটি করে খুঁটি বসানো হচ্ছে। গত মার্চ মাসে দরপত্র অনুযায়ী দুই কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই কাজ পান ঠিকাদার মো. খায়রুল কবির। আগামী ৩১ মের মধ্যে এই কাজ শেষ করতে না পারলে টাকা ফেরত যাবে।সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, রংপুর শহর প্রশস্তকরণের কাজ গত বছরের ২০ মার্চ থেকে শুরু হয়ে এখনো চলছে। ডিভাইডার করার জন্য সড়কের মাঝখানে রেখা টেনে দেওয়া হয়েছে। কিন্তু সে অনুযায়ী বিদ্যুতের খুঁটি বসানো হচ্ছে না। সওজের রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, ‘পৌর কর্তৃপক্ষকে আমরা বলেছিলাম, আমাদের লোক সামনে রেখে খুঁটি বসানো হোক। কিন্তু পৌর কর্তৃপক্ষ তা শোনেনি। খুব শিগগির এই স্থানে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হবে। তখন এসব খুঁটি আবার সরিয়ে ফেলতে হবে।’রংপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, বিদ্যুতের খুঁটি বসানোর কাজ ৩১ মের মধ্যে শেষ করতে না পারলে দুই কোটি টাকা ফেরত যাবে। তাই তড়িগড়ি করে গত শনিবার কাজের উদ্বোধন করা হয়েছে।রংপুর পৌর মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, টাকা ফেরত যাবে, তাই কাজ শুরু করতে হয়েছে।গত বছরের ২০ মার্চ ৭৮ কোটি টাকা ব্যয় সাপেক্ষে শহরের ১৬ কিলোমিটার সড়ক চার লেনে প্রশস্তকরণের কাজ উদ্বোধন করা হয়। ডিভাইডার, ফুটপাতসহ এই সড়ক ৬৫ ফুট প্রশস্ত করা হবে।