লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে আওয়ামী লীগের দুই নেতা ও এক ইউপি চেয়ারম্যান দুই কোটি টাকার কাজ ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২০১২-১৩ অর্থবছরের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রকল্পের অর্থায়নে রামগতি, কমলনগর ও সদর উপজেলার বেড়িবাঁধ নির্মাণ ও পুনর্নির্মাণের জন্য লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড দুটি গ্রুপে দুই কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করে। দরপত্র দাখিলের শেষ তারিখ ছিল রোববার। পানি উন্নয়ন বোর্ডের একাধিক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, সাধারণ ঠিকাদারেরা যুবলীগের নেতা-কর্মীদের বাধার মুখে নির্দিষ্ট সময়ে দরপত্র ক্রয় করতে পারেননি, এতে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহিউদ্দিন বকুল, জেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আহমঞ্চদ পাটোয়ারী ও হামছাদী ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম নিজেরা দুই কোটি টাকার কাজ ভাগ-বাঁটোয়ারা করে নেন। ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডে আমার কোনো ঠিকাদারি লাইসেন্স নেই। আমি কোনো কাজ নিইনি।’সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন বকুল বলেন, ‘আমি সেখানে গিয়েছি, তবে কাজ ভাগ-বাঁটোয়ারার ব্যাপারে আমার কিছু জানা নেই।’জেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আহমঞ্চদ পাটোয়ারী বলেন, ‘দলীয় সিদ্ধান্ত মোতাবেক উপজেলা চেয়ারম্যান ও আমি দুটি কাজ ভাগ করে নিয়েছি।’পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন বেগ তাঁর জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, ‘দরপত্র নিয়ে বাইরে কী হয়েছে, সেটা আমার জানার বিষয় নয়। তবে অফিসের ভেতরে কিছু ঘটেনি।’ দরপত্র কম জমা পড়ার ব্যাপারে তিনি বলেন, ‘ঠিকাদারেরা যদি ফরম কিনে না নেন, তাহলে আমার কিছু করার নেই।’