দুই কোটি টাকার দরপত্রে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের প্রায় দুই কোটি টাকার কাজ পেতে যাচ্ছে সর্বোচ্চ দরদাতারা। এ জন্য সিভিল সার্জন ও দরপত্র কমিটির লোকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন কাজ না পাওয়া ঠিকাদারেরা।

কাজ না পাওয়া ঠিকাদারদের দাবি, সর্বোচ্চ দরদাতাদের কাজ দিলে সরকারের ৪০ থেকে ৫০ লাখ টাকা রাজস্ব ক্ষতি হবে।

এমন অভিযোগ এনে ঠিকাদারেরা গতকাল বুধবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তাঁর দপ্তরে অভিযোগ পাঠিয়েছেন।

অভিযোগকারীদের অন্যতম নওগাঁর মেসার্স এন এল ট্রেডার্সের মালিক নাফিউল হোসেন ও বিভাস কুমার মজুমদার জানান, ২০১৩-১৪ অর্থবছরে নওগাঁ সদর হাসপাতালে ওষুধ, যন্ত্রপাতি, লিনেন কাপড়, গজ-ব্যান্ডেজ-তুলা ও আসবাব সরবরাহের লক্ষ্যে সিভিল সার্জন কার্যালয় ছয়টি গ্রুপে প্রায় দুই কোটি টাকার দরপত্র আহ্বান করে।

দরপত্র অনুযায়ী গত ১০ ফেব্রুয়ারি ৬৯টি শিডিউল জমা পড়ে। ওই দিন উপস্থিত ঠিকাদারদের স্বাক্ষর নেওয়া হলেও তাঁদের সামনে কোনো দরপত্র খোলা হয়নি। একটি দরপত্রের কাজ ৯০ দিনের মধ্যে সম্পন্ন হওয়ার নিয়ম থাকলেও সিভিল সার্জন কার্যালয় তা না করে নানা টালবাহানার আশ্রয় নেয়।

ঠিকাদারদের অভিযোগ, তাঁরা সরকারি দরের চেয়ে ২০ থেকে ৩০ ভাগ কমে শিডিউল দাখিল করেছিলেন। কিন্তু সিভিল সার্জনের কার্যালয় ও দরপত্র কমিটির লোকজন তাঁদের দরপত্রগুলো কাটাকাটি করে আবার কোনোটায় নানা ধরনের অঙ্ক বসিয়ে সেগুলো অযোগ্য ঘোষণা করেন।

তাঁরা আরও অভিযোগ করেন, সিভিল সার্জন মো. আলাউদ্দিন বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে নিজের পছন্দের লোকজনকে কাজ দিতে চাচ্ছেন। এ জন্য সরকারি মূল্যের চেয়ে ২০ থেকে ৩০ ভাগ বেশি দরের দরপত্রে কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গত রোববার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে নথি পাঠান। এতে সরকারের ৪০ থেকে ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হবে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ঠিকাদারদের সব অভিযোগ অস্বীকার করে সিভিল সার্জন মো. আলাউদ্দিন বলেন, ‘যাঁরা কাজ পাননি তাঁরাই ৪০-৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হবে বলে অপ্রচার করছেন।’

মো. আলাউদ্দিন দাবি করেন, সব নিয়মনীতি মেনেই দরপত্র কমিটির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি।