দুই কোটি টাকার ভুয়া ভাউচার জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে গত অর্থবছরে প্রায় এক কোটি ৯০ লাখ টাকার ভুয়া ভাউচার জমা করা হয়েছে। টিআর ও কাবিখা প্রকল্প কমিটির সদস্যরা উন্নয়নমূলক কাজ করে সরকারি বাধ্যবাধকতার কারণে ওই ভুয়া ভাউচার জমা দিয়েছেন।বদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান ও তারাগঞ্জের রেফাউল আযম জানান, বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারিভাবে প্রকল্পের চালের দাম নির্ধারণ করে দেওয়া হলে ওই সমস্যা হতো না। কাজ শেষে ভুয়া ভাউচার জমা নেওয়ার সময় প্রকল্প কমিটির সদস্যদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এ কারণে অনেক সময় প্রকল্প কমিটির অনৈতিক কাজেও কিছুটা সমর্থন দিতে হয়েছে।পিআইও কার্যালয় সূত্র জানায়, গত অর্থবছরে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় বদরগঞ্জে বিশেষ ও সাধারণ মিলে ৮৩২ মেট্রিক টন, কাবিখায় (কাজের বিনিময়ে খাদ্য) ৭৮৫ টন এবং তারাগঞ্জে টিআরে ৩১৬ টন ও কাবিখায় ৪২৮ টন চাল বরাদ্দ পাওয়া যায়।ত্রাণ ও পুর্ণবাসন অধিদপ্তরের ২০১২ সালের পরিপত্র অনুযায়ী, টিআরের বরাদ্দ পাওয়া সব চাল ও কাবিখার ৩০ শতাংশ চাল বিক্রি করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-মন্দির সংস্কার এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান উন্নয়ন ও মেরামতের কাজে ব্যয় করা হয়। এসব চালের বিপরীতে বদরগঞ্জে টিআরের ৪৬৭টি ও কাবিখার ১০১টি এবং তারাগঞ্জে টিআরের ১৩৪টি ও কাবিখার ৫৩টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। এসব প্রকল্পে মোট এক হাজার ৫১০ টন চাল ব্যয় হয়।প্রকল্প কমিটির সদস্যরা অভিযোগ করেন, সরকার গত অর্থবছরে প্রতি টন চাল ২৮ হাজার টাকা দরে কেনে। অথচ তাঁরা প্রকল্পের চাল খাদ্যগুদাম থেকে তুলে বাজারে বিক্রি করেছেন প্রতি টন গড়ে ২০ হাজার টাকায়। সরকার প্রতি টনের বিপরীতে ভাউচার জমা নিয়েছে ৩৩ হাজার ৮০৫ টাকার। বাস্তবতা হচ্ছে, বাজারে ২০ হাজার টাকা টন হিসেবে এক হাজার ৫১০ টন চাল তিন কোটি ২০ লাখ টাকায় বিক্রি করলেও ভাউচার জমা নেওয়া হয়েছে প্রায় পাঁচ কোটি ১০ লাখ টাকার।