দুই কোটি নারীকে স্বাবলম্বী করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে দেশের দুই কোটি নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনা নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার কক্সবাজারে একটি প্রকল্প উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  প্রতিমন্ত্রী বলেন, ‘নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়বর্ধক কার্যক্রম (আইজিএ) নামে ২৫০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উপজেলায় নারীদের প্রায় ১৮টি ব্যবসায় বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে দেশের দুই কোটি নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনা নিয়েছে সরকার।

দুপুরে শহরের শহীদ দৌলত ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থা পরিচালিত নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) উদ্বোধন এবং অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের (তৃতীয় পর্যায়) প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ করা হয়।

জাতীয় মহিলা সংস্থার কক্সবাজার জেলা সভাপতি কানিজ ফাতেমা আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সাংসদ খোরশেদ আরা হক, আশেক উল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী আবদুর রহমান প্রমুখ।