দুই কোটি লোক আর্সেনিক ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রায় দুই কোটি লোক আর্সেনিকের ঝুঁকিতে আছে। এটি মোট জনসংখ্যার ১৩ শতাংশ। আর্সেনিকে আক্রান্ত এলাকাগুলোতে ইতিমধ্যে এক লাখ ৩০ হাজার নিরাপদ পানির উৎস নির্মাণ করা হয়েছে। আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহের জন্য সরকার ইতিমধ্যে আরও বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে।গতকাল সোমবার জাতীয় সংসদে শাম্মী আখতারের এক লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ তথ্য জানান। তিনি বলেন, আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য ৩৭টি জেলা শহরে বিশেষ পানি সরবরাহ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।এর আগে সন্ধ্যা সাতটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন আবার শুরু হয়। বিরোধী দল বিএনপি কালও সংসদে যোগ দেয়নি। অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে রাজধানীতে দৈনিক ২০ কোটি লিটার পানির ঘাটতি রয়েছে। ২২০ কোটি লিটার চাহিদার বিপরীতে সরবরাহ করা হয় ২০০ কোটি লিটার। বেগম মেহের আফরোজের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রাজধানী ঢাকার যানজট নিরসনে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার প্রকল্প এবং এয়ারপোর্ট থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সব সংযোগ সড়কে পাতালপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া গুলশান, বনানী ও কারওয়ান বাজারে বহুতল কার পার্কিং ভবন নির্মাণ করা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ডিসেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার প্রস্তুতি নিয়ে কাজ শুরু হয়েছে।