আজ রোববার থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী হাম টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচি চলাকালে দুই কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হবে। নয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। অন্যদিকে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের দুই ফোঁটা করে খাওয়ানো হবে পোলিও টিকা। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ৫০ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী, ছয় লাখ স্বেচ্ছাসেবক এবং এনজিও কর্মীকে সংগঠিত করা হয়েছে। সারা দেশে বিস্তৃত এক লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্রে দুজন দক্ষ টিকাদান কর্মী ও তিনজন স্বেচ্ছাসেবক সমন্বয়ে গঠিত একটি টিকাদান দল নিয়োগ করা হবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জন্মের সময় ২৫ থেকে ৩০ শতাংশ শিশুরই হামের ঝুঁকি থাকে। যেসব শিশু আগে হামের টিকা নিয়েছে অথবা হামে ভুগেছে, এই ক্যাম্পেইন চলাকালে তাদেরও হামের টিকা নিতে হবে। কেননা, সম্পূর্ণভাবে ঝুঁকিমুক্ত হওয়ার জন্য দ্বিতীয় মাত্রার হামের টিকা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি ক্যারেল ডি রয় এ উপলক্ষে এক বিবৃতিতে শিশুদের টিকা দেওয়ার জন্য সব অভিভাবকের প্রতি আহ্বান জানিয়েছেন।