দুই কোটি ১৪ লাখ টাকা মূল্যের ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে গতকাল সোমবার ভোররাতে ৬৭ হাজার ১৩৫টি ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বিজিবির জওয়ানরা। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো, জাহিদ হাসান বলেন, রোববার রাতে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান পাচার করা হচ্ছে—এই খবরের ভিত্তিতে রাতে নাফ নদীতে সাবরাং বিওপির টহল কমান্ডো নায়েক সুবেদার মুজিবুর রহমানের নেতৃত্বে টহল জোরদার করা হয়। ভোররাতের দিকে কয়েকজনকে বেড়িবাঁধ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে তাদের সংকেত দেওয়া হয়। কিন্তু তারা সংকেত অমান্য করে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৩ নম্বর স্লুইসগেট এলাকা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ৬৭ হাজার ১৩৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য দুই কোটি ১৪ লাখ ৫০০ টাকা।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ ফরহাদ বলেন, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে ওই এলাকার মো. ইলিয়াস (৫৫) ও মো. তৈয়ুবকে (৩৫) পলাতক আসামি দেখিয়ে একটি মামলা করা হয়েছে।