দুই কোম্পানি থেকে বিদ্যুৎ কিনবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দুটি কোম্পানির কাছ থেকে জরুরি ভিত্তিতে ৩০০ মেগাওয়াট ভাড়াভিত্তিক (কুইক রেন্টাল) বিদ্যুৎ কেনার প্রস্তাব অনুমোদন করেছে। গতকাল বৃহস্পতিবার কমিটি এ অনুমোদন দেয়। এর মধ্যে যুক্তরাজ্যের কোম্পানি এগ্রিকো ২০০ ও দেশীয় কোম্পানি দেশ এনার্জি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে। এ ছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জরুরি ভিত্তিতে আরও ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার জন্য অন্য দুটি কোম্পানির সঙ্গে গতকাল বৃহস্পতিবার সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি অনুযায়ী, খুলনা পাওয়ার কোম্পানি (কেপিসিএল) তাদের বিদ্যমান ১০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির ক্ষমতা দ্বিগুণ করবে এবং নারায়ণগঞ্জের মদনগঞ্জে ১০৩ মেগাওয়াটের একটি নতুন কেন্দ্র স্থাপন করবে। এ ছাড়া ওরিয়ন গ্রুপের একটি প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড পাওয়ার কোম্পানি গাজীপুরের কড্ডায় ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র স্থাপন করবে। এ চুক্তিগুলোও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পাওয়ার পর চূড়ান্ত হবে। এ কেন্দ্রগুলোর জ্বালানি হবে ফার্নেস তেল।সরকার জরুরি ভিত্তিতে স্বল্পতম সময়ে ভাড়াভিত্তিক (কুইক রেন্টাল) বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করে চলতি মাসের মাঝামাঝি। এরপর প্রথমে যুক্তরাজ্যের কোম্পানি এগ্রিকো এবং পরে দেশ এনার্জির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে পিডিবি। এগ্রিকো ১০০ মেগাওয়াটের একটি কেন্দ্র বসাবে খুলনায়। এটি বিদ্যুত্ সরবরাহ করবে আগামী ২২ জুন থেকে। এগ্রিকো একই ক্ষমতার আরেকটি কেন্দ্র বসাবে ঘোড়াশালে। এটি বিদ্যুত্ সরবরাহ করবে আগামী ২৮ জুলাই থেকে। এ দুটি কেন্দ্রই হবে ডিজেলচালিত। প্রতি ইউনিট (এক কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম পড়বে প্রায় ১৩ টাকা ৩৯ পয়সা।দেশ এনার্জি ১০০ মেগাওয়াটের কেন্দ্রটি কোথায় বসাবে, তা চূড়ান্ত হয়নি। তবে এটি সিদ্ধিরগঞ্জে হতে পারে। এ কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় ১৩ টাকা ৩৩ পয়সা। চুক্তি অনুযায়ী পিডিবি প্রতিটি কেন্দ্রের জন্যই জ্বালানি সরবরাহ করবে, জমি দেবে এবং উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে সঞ্চালনের (ইভাকুয়েশন) সুযোগ সৃষ্টি করবে।