দুই কৌঁসুলির দ্বন্দ্বে সাক্ষ্য গ্রহণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে আলোচিত সংখ্যালঘু পরিবারের ১১ জনকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় চার সাক্ষী হাজির হলেও সাক্ষ্য গ্রহণ হয়নি। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম ও অতিরিক্ত জেলা পিপি নাছির উদ্দিনের মধ্যে মামলা পরিচালনা নিয়ে বাগিবতণ্ডা হলে বিব্রত হয়ে বিচারক এজলাস থেকে নেমে যান।
গতকাল সোমবার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ লা মংয়ের আদালতে শুনানির দিন ধার্য ছিল। সাক্ষ্য গ্রহণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মামলার বাদী ডা. বিমল শীল প্রথম আলোকে বলেন, ‘সাক্ষীর অভাবে ১০ বছরেও মামলাটির বিচার শেষ হয়নি। রাষ্ট্রপক্ষ থেকে যে-ই পরিচালনা করুক, আমি চাই দ্রুত নিষ্পত্তি।’
জানতে চাইলে সাক্ষ্য গ্রহণ না হওয়ার কথা স্বীকার করে জেলা পিপি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। দীর্ঘদিন দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। এর আগে আমি পরিচালনা করেছি মামলাটি। কিন্তু আমার অজ্ঞাতসারে অতিরিক্ত পিপি মামলাটি পরিচালনা করছেন। তাই আদালতকে অনুরোধ করেছি তাঁর পরিচালনায় মামলাটির শুনানি না করতে। আদালত শুনানি না করে পরবর্তী দিন ধার্য করেন।’
পিপি হাশেম আরও বলেন, ‘অতিরিক্ত পিপি নাছির উদ্দিনকে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলা পরিচালনা থেকে পিপির ক্ষমতাবলে প্রত্যাহার করে নিয়েছি। এখন থেকে মামলাটি আমিই পরিচালনা করব।’
জানতে চাইলে অতিরিক্ত পিপি নাছির উদ্দিন বলেন, ‘দ্রুত বিচার থেকে মামলাটি স্থানান্তর হয়ে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আসে গত নভেম্বর মাসে। দ্রুত বিচারের পিপির এক সহকারী আমাকে ওই মামলার কেস ডকেট (নথি) বুঝিয়ে দেয়। দীর্ঘদিন ধরে মামলাটির সাক্ষী হাজির না হওয়ায় আমি ব্যক্তিগত উদ্যোগে চার সাক্ষীকে পরোয়ানার মাধ্যমে হাজির করি আদালতে। গতকাল সকালে চার সাক্ষী বাদীর ভাই নির্মল কান্তি সুশীল, দুলাল চক্রবর্ত্তী, আবু সিদ্দিক ও মনির উদ্দিনের হাজিরা দিই। যথাসময়ে আদালত শুরু হলে পিপি আবুল হাশেম এসে বাধা দেন। একপর্যায়ে তিনি আদালতকে বলেন মামলার সাক্ষ্য গ্রহণ না করতে। পরে কোর্ট বিব্রত হয়ে নেমে যান।’
নাছির উদ্দিন আরও বলেন, ‘পিপি হাশেম আমাকে কখনো বলেননি, তিনি মামলাটি পরিচালনা করবেন। এমনকি মামলার নথিও চাননি আমার কাছে। হঠাৎ করে তাঁর এমন আচরণ রহস্যজনক। চার সাক্ষী হাজির হলেও সাক্ষ্য গ্রহণে বাধা দেওয়ায় পিপি হাশেমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে লিখিতভাবে চিঠি দিয়েছি।’
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ার তেজেন্দ্র লাল শীলের বাড়িতে আগুন দিয়ে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়।