দুই ক্লিনিক ও ব্লাড ব্যাংকের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্তের ব্যাগে নির্ধারিত পরিমাণের চেয়ে অর্ধেক রক্ত সরবরাহ, অনুমোদন ছাড়া ব্লাড ব্যাংক স্থাপন, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকাসহ ১৪টি অভিযোগে দুটি হাসপাতাল ও একটি ব্লাড ব্যাংককে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাজধানীর চানখাঁরপুল ও বকশীবাজারে অবস্থিত চৌধুরী জেনারেল হাসপাতাল, আল আরাফাহ জেনারেল হাসপাতাল এবং সন্ধান ব্লাড ব্যাংকে অভিযান চালিয়ে এসব অনিয়ম পাওয়া যায়।
আল আরাফাহ হাসপাতালের মালিক রাফাত শেখকে দুই লাখ, চৌধুরী জেনারেল হাসপাতালের মালিক মো. আহসান উল্লাহকে ৫৫ হাজার, একই হাসপাতালের ব্যবস্থাপক আবু হানিফ ও কর্মচারী জিয়াউলকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সন্ধান ব্লাড ব্যাংকের ব্যবস্থাপক মো. রনি ও কর্মী মো. সেলিমকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। র্যাব-২-এর উপপরিচালক দিদারুল আলম এবং সহকারী পুলিশ সুপার মারুফ আহমেদ অভিযান দলের নেতৃত্বে ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহজাহান, মঞ্জুর আহমেদ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের সুপার সৈকত কুমার কর অভিযানের সময় সঙ্গে ছিলেন।
র্যাব কর্মকর্তারা জানান, দুটি হাসপাতালেই অনেক রোগী ভর্তি থাকলেও কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। যদিও বাইরে সাইনবোর্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতির কথা বলা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক তো দূরের কথা হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, সনদধারী সেবিকা এবং টেকনিশিয়ান পাওয়া যায়নি। হাসপাতালের ব্লাড ব্যাংকগুলোতে খুবই অবহেলায় নিয়মনীতি না মেনেই রক্ত সংগ্রহ ও সংরক্ষণের নমুনা দেখা গেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রতি রক্তের ব্যাগে পাঁচ শ গ্রাম করে রক্ত থাকার কথা থাকলেও ব্যাগগুলোতে দুই থেকে তিন শ গ্রাম রক্ত পাওয়া গেছে।