কিশোরগঞ্জ জেলা কারাগারে গতকাল শনিবার সকালে খাবারের তালিকার অনিয়মকে কেন্দ্র করে ডাকাতি ও হত্যা মামলায় সাজা পাওয়া দুই কয়েদির মধ্যে সংঘর্ষে প্রধান কারারক্ষীসহ আহত হয়েছেন চারজন। গতকাল বেলা ১১টার দিকে কারাগারের ভেতর এ ঘটনা ঘটে। এ সময় কারাগারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেজে ওঠে পাগলাঘণ্টি। তাৎক্ষণিকভাবে অন্য কারারক্ষীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিরা হচ্ছেন: হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া কয়েদি তাইকুল ইসলাম, ডাকাতি মামলায় ১০ বছরের সাজা পাওয়া কয়েদি ফারুক মিয়া, প্রধান কারারক্ষী মাহবুবুল আলম ও কারারক্ষী আলীম উদ্দিন। জেলা কারাগারের জেলার মো. শফিকুল আলম জানান, সাপ্তাহিক রুটিন অনুযায়ী গতকাল দুপুরের খাবারে বন্দীদের মুরগির মাংস দেওয়ার কথা। গতকাল বেলা ১১টার দিকে জেল ক্যানটিনে রান্নার দায়িত্বে থাকা নিকলী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া বন্দী তাইকুলের কাছে যান ভৈরব থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় ১০ বছরের সাজা পাওয়া বন্দী ফারুক। তিনি তাইকুলকে দুপুরে শুঁটকি রান্না করতে হবে বলে জানান। তাইকুল এটি সম্ভব নয় বলে জানালে এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ফারুক তাইকুলকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। তাইকুলও ফারুকের ওপর হামলা চালান। এ অবস্থায় কারাগারের পাগলাঘণ্টি বাজিয়ে সব কারারক্ষীকে জড়ো করা হয়। সংঘর্ষ থামাতে এসে আহত হন কারাগারের প্রধান কারারক্ষী মাহবুবুল আলম ও কারারক্ষী আলিম উদ্দিন। তাঁদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।