গ্রিসের একটি স্ট্রবেরি খামারে বাংলাদেশি শ্রমিকদের ওপর গুলির ঘটনায় করা মামলায় আদালত চার আসামির মধ্যে দুই খামারমালিককে খালাস দিয়েছেন। অন্য দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার গ্রিসের বন্দরনগর পাত্রাসের ওই আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় বিপুলসংখ্যক অভিবাসী ও শ্রমিক অধিকারকর্মী আদালতের বাইরে বিক্ষোভ করেন।
খামারমালিকদের বেকসুর খালাসের এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে গ্রিসের রাজনীতিবিদ এবং শ্রমিক অধিকার ও বর্ণবাদবিরোধী সংগঠনগুলো বলেছে, এই রায়ে অভিবাসীরা ন্যায়বিচার পাননি। খবর দি ইনডিপেনডেন্টের।
গত বছরের এপ্রিলে এথেন্সের ২৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নিয়া মানোলাদায় ওই খামারের অভিবাসী শ্রমিকেরা ছয় মাসের বকেয়া বেতনের দাবি জানালে মালিকেরা তাঁদের ওপর শটগানের গুলি চালান। এতে আহত হন অন্তত ২৮ জন বাংলাদেশি শ্রমিক। এ ঘটনার পর গ্রিসে বিদেশি শ্রমিকদের দুর্দশার বিষয়টি সামনে আসে এবং ব্যাপক সমালোচনার মুখে পড়ে দেশটির সরকার।
মামলায় অভিযুক্ত চার আসামির মধ্যে দুজন খামারমালিককে বেকসুর খালাস দিয়েছেন আদালত। যদিও ওই দুজন শ্রমিকদের ওপর গুলি করার সত্যতা স্বীকার করেছিলেন।
অন্য দুই আসামির মধ্যে একজনকে ১৪ বছর সাত মাস এবং অন্যজনকে আট বছর সাত মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবশ্য আপিলের সুযোগ থাকায় এখনই তাঁদের কারাগারে যেতে হচ্ছে না।
রায়ের পর বাদীপক্ষের আইনজীবী মোসিস কারাবেইদিস বলেন, এই রায় আদালতের জন্য কলঙ্কজনক। এ ঘটনায় মানবাধিকারবিষয়ক ইউরোপীয় আদালতে যাবেন তিনি।
দেশটির পার্লামেন্টে বিরোধী দলের সদস্য ও বামপন্থী নেতা ভাসিলিকি কাত্রিভানু বলেন, ‘এই রায় বিদেশি শ্রমিকদের এই বার্তাই দিল যে আমাদের এখানে কাজ করতে এসে তাঁদের কুকুরের মতো গুলি খেয়েও মরতে হতে পারে।’ গ্রিসে ফলের খামারগুলোর শ্রমিকদের একটি বড় অংশই অভিবাসী। মানোলাদায় শ্রমিকদের ওপর গুলি বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না বলেও তিনি মন্তব্য করেন।
প্রায় এক মাস ধরে চলা এই মামলার শুনানিতে ৪০ জনের সাক্ষ্য গ্রহণের পর বাদীপক্ষের আইনজীবীরা আদালতের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যদিকে খামারমালিকদের পক্ষে মামলায় লড়েন গ্রিসের শীর্ষস্থানীয় আইনজীবীরা।
এই রায়কে ন্যক্কারজনক আখ্যায়িত করে এর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে বর্ণবাদবিরোধী সংগঠনগুলো। গ্রিক আদালতের নিরপেক্ষতা নিয়েও তারা প্রশ্ন তুলেছে।