দুই খুন, তিন লাশ উদ্ধার
চাঁদপুর সদর উপজেলায় গত বৃহস্পতিবার স্ত্রী রাবেয়া বেগমকে (২০) খুন করে পালিয়েছেন ফয়সাল হাওলাদার নামের এক ব্যক্তি। একই দিন জেলার হাজীগঞ্জে গলাকাটা এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জামালপুরের সরিষাবাড়ীতে মমিন মিয়া (২০) নামের এক কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া গতকাল ময়মনসিংহের নান্দাইলে বিলকিস আক্তার (৩০) নামে এক গৃহবধূর ও লক্ষ্মীপুরে জসিম উদ্দিন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশের বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুগি গ্রামের পাটোওয়ারী বাড়ির ভাড়া বাসায় রাবেয়াকে খুন করে পালিয়ে যায় ফয়সাল। ফয়সাল পেশায় একজন সিএনজিচালিত স্কুটারচালক। উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁ গ্রামের রাবেয়ার বাবা আলী ব্যাপারী জানান, প্রায় তিন বছর আগে ফয়সালের সঙ্গে রাবেয়ার বিয়ে হয়। বিয়ের পর থকে রাবেয়াকে ফয়সাল যৌতুকের জন্য শারীরিকভাবে নির্যাতন করতেন। যৌতুকের জন্যই ফয়সাল তাঁর মেয়েকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। পরে ফয়সাল ঘরে তালা দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় আলী ব্যাপারী মামলা দায়ের করেছেন।
হাজীগঞ্জ (চাঁদপুর): বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন উপজেলার টোরাগড় গ্রামের সওদাগরপাড়া এলাকায় ডাকাতিয়া নদীতে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে বিকেল পাঁচটার দিকে নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে। থানার ওসি মো. শাহ্ আলম জানান, হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর গলা ও পেট কাটা ছিল। গতকাল তাঁর লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সরিষাবাড়ী (জামালপুর): উপজেলার চুনিয়াপটল গ্রামের এবারত আলীর কলেজপড়ুয়া ছেলে মমিন গতকাল সেহ্রির পর ঘর থেকে বের হন। এরপর সকালে রান্নাঘর থেকে মমিনের লাশ উদ্ধার করা হয়। মমিন সরিষাবাড়ী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মমিনের স্ত্রী আকলিমা বেগম জানান, ‘আমার স্বামীকে শ্বাসরোধে হত্যা করে রান্নাঘরে তাঁর লাশ ঝুলিয়ে রেখে যায় দুর্বৃত্তরা।’
নান্দাইল (ময়মনসিংহ): সাত মাস আগে উপজেলার মুশুলি ইউনিয়নের কামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে বিলকিসের সঙ্গে জোয়ালভাঙ্গা গ্রামের মো. চন্দু মিয়ার বিয়ে হয়। চন্দু জানান, গতকাল সকালে তিনি স্থানীয় বাজারে গিয়েছিলেন। এ সময় তিনি জানতে পারেন বসতঘরে তাঁর স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সঙ্গে সঙ্গে তিনি বাড়ি ফিরে আসেন। পরে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় বিষয়টি পুলিশকে জানান।
লক্ষ্মীপুর: বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পূর্ব বাংগাখাঁ গ্রামের জসিমকে কে বা কারা মুঠোফোনে ডেকে নেন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল বিকেলে উপজেলার নেয়ামতপুর এলাকার অহিদ উদ্দিন মাস্টারের মালিকানাধীন ইটভাটার পরিত্যক্ত একটি ঘরে জসিমের গলাকাটা লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।