>এসব রায়ের ব্যাপারে কিছুই জানেন না ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু এবং ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আমিনুর রহমান
হত্যা হয়েছে আদালত চত্বরে, জনসমক্ষে। আরেকটি হত্যাকাণ্ড কাফরুলের কচুক্ষেতে। অথচ দুটি মামলার বিচারে আদালতে কোনো গুরুত্বপূর্ণ সাক্ষীকেই হাজির করা হয়নি। দিনের পর দিন সাক্ষীদের সমন জারি করে সাড়া পাওয়া যায়নি। এমনকি মামলার তদন্ত কর্মকর্তারাও সাক্ষ্য দেননি আদালতে। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তা তামিল হয়নি। অবশেষে বেকসুর খালাস পেয়েছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আব্বাস, যিনি কিলার আব্বাস নামে বেশি পরিচিত।
গত বছরের এপ্রিল ও জুন মাসে এ দুটি রায় দেওয়া হলেও বিষয়টি জানা গেছে সম্প্রতি। এসব রায়ের ব্যাপারে কিছুই জানেন না ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু এবং ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আমিনুর রহমান।
দুই মামলার খালাস পেলেও তৃতীয় একটি হত্যা মামলায় গ্রেপ্তার আছেন কিলার আব্বাস। সাক্ষীর অভাবে সেই মামলাটির শুনানিও ধুঁকছে।
পিপি আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, কিলার আব্বাসকে খালাস দেওয়া হয়েছে কি না, তা তিনি জানেন না। যে আদালত থেকে আব্বাসকে খালাস দেওয়া হয়েছে, সেই আদালতের সরকারি কৌঁসুলিরা তাঁকে কিছুই জানাননি। এডিসি আমিনুর রহমান বলেন, কিলার আব্বাস খালাস পেয়েছেন কি না, তা তাঁর জানা নেই। তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন।
ওই আদালতের সরকারি কৌঁসুলি এ বি এম বসির উদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, দুটি হত্যা মামলার আসামি কিলার আব্বাসকে খালাস দেওয়া হয়েছে।
১৯৯৯ সালের ২৯ জুন বেলা ১১টার দিকে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী আতাউর রহমান আজাদকে গুলি করে হত্যা করা হয়। একটি মামলায় সাক্ষ্য দিয়ে বাসায় ফিরে যাচ্ছিলেন আতাউর রহমান আজাদ। অন্যদিকে ২০০১ সালের ২৮ জানুয়ারি বেলা দুইটার দিকে কাফরুল থানাধীন কচুক্ষেতের রজনীগন্ধা সুপার মার্কেট এলাকায় চাল ব্যবসায়ী এছহাক আহম্মেদ দুলালকে গুলি করে হত্যা করা হয়। এ দুই হত্যা মামলায় ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি বনানী এলাকা থেকে গ্রেপ্তার হন কিলার আব্বাস।
বিচারে সাক্ষীরা অনুপস্থিত: দুটি হত্যা মামলার নথি পর্যালোচনা করে দেখা গেছে, দুটিরই বিচার চলছিল ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে। কিন্তু ২০১৪ সালের ২২ অক্টোবর আসামিপক্ষ বিবিধ মামলা করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত মামলা দুটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা দিয়ে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠান।
দুটি আদালতেই বিচারের ক্ষেত্রে মামলা দুটির একজন তদন্ত কর্মকর্তাও সাক্ষ্য দেননি। আদালত একাধিকবার তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। দুটি হত্যা মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষীকেও হাজির করা হয়নি। আতাউর রহমান আজাদ হত্যা মামলার মোট ২১ সাক্ষীর মধ্যে তদন্ত কর্মকর্তা, বাদীসহ নয়জনকে আদালতে হাজির করা হয়নি। আর এছহাক হত্যা মামলার মোট ১২ জন সাক্ষীর মধ্যে মাত্র চারজনকে আদালতে হাজির করা হয়েছে। তদন্ত কর্মকর্তাসহ সাতজনকে আদালতে হাজির করা হয়নি।
মামলার সাক্ষীদের হাজির করতে গড়িমসি করার মাধ্যমে বিচার বিলম্বের অভিযোগ করে দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তি নিশ্চিত করতে আদালত একাধিকবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি দিয়েছেন। অথচ আদালতের দাপ্তরিক সূত্র বলছে, পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া-সংক্রান্ত কোনো চিঠি আদালতের কাছে আসেনি।
আতাউর রহমান আজাদ হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ছয় আসামি হলেন শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস, জাহাঙ্গীর আলম ওরফে কালা জাহাঙ্গীর (পলাতক), আহসান উল্লাহ চৌধুরী ওরফে হাসান (পলাতক), আবু হায়দার বাবু (পলাতক), আকরাম বাবু ও সেলিম ওরফে কানা সেলিম।
অন্যদিকে ব্যবসায়ী এছহাক হত্যা মামলার খালাসপ্রাপ্ত তিনজন হলেন মাহফুজ ওরফে মাহফুজুর রহমান, কিলার আব্বাস ও কসাই মিজান।
জানতে চাইলে গাজীপুরে অবস্থিত কাশিমপুর কারাগার-২-এর জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক প্রথম আলোকে বলেন, কিলার আব্বাসকে গত সপ্তাহে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানেই তিনি অবস্থান করছেন।
রায় জানেন না মামলার বাদী
ব্যবসায়ী আতাউর রহমান আজাদ হত্যা মামলার বাদী তাঁরই ভাই সুপ্রিম কোর্টের আইনজীবী মুশফিকুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর ভাই খুনের মামলার রায় হয়ে গেছে এবং কিলার আব্বাসসহ অন্য আসামিরা খালাস পেয়েছেন, তা তিনি জানেন না। অনেক আগে একবার আদালতের সমন পেয়েছিলেন। কিন্তু তখন তিনি আদালতে সাক্ষ্য দিতে যাননি। পরবর্তী সময়ে আদালতের আর সমন পাননি। তিনি আরও বলেন, প্রথম দিকে আসামিরা তাঁকেসহ পরিবারের অন্য সদস্যদের হত্যার হুমকি দিচ্ছিল। প্রথম দিকে নিয়মিত মামলার খোঁজ রাখতেন। কিন্তু পরবর্তী সময়ে আর খোঁজখবর নেননি। আগ্রহও নেই।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (বর্তমানে সাতক্ষীরা থানার ওসি) প্রথম আলোকেবলেন, আদালত চত্বরেই ব্যবসায়ী আতাউর রহমান আজাদকে গুলি করে হত্যা করা হয়। এ মামলায় কিলার আব্বাসদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তিনি। কিন্তু কোনো দিন আদালতের কাছ থেকে কোনো সমন বা গ্রেপ্তারি পরোয়ানার কোনো কাগজ তিনি পাননি। তাই আদালতে সাক্ষ্য দিতে পারেননি। আসামিরা খালাস পেয়েছেন, তা তিনি জানেন না।
ব্যবসায়ী ইসহাক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার তৎকালীন উপপরিদর্শক আবুল বাশার (বর্তমানে ভোলার শশীভূষণ থানার ওসি) প্রথম আলোকে বলেন, তিনি আদালতে সাক্ষ্য দিয়েছেন। তবে মামলার আসামি কিলার আব্বাসহ অন্য আসামিরা খালাস পেয়েছেন কি না, তা তাঁর জানা নেই। তিনি দাবি করেন, নিহত এছহাকের স্ত্রী মামলার বাদী হাসিনা আক্তার আসামিদের সঙ্গে আপস করেছেন।
তবে এ হত্যা মামলার নথিতে দেখা গেছে, মামলার বাদী হাসিনা আক্তার আদালতে সাক্ষ্য দিয়েছেন। শুনানিতে তিনি একমাত্র আসামি মাহফুজ ছাড়া আর কারও নাম আদালতে বলেননি।
বাকি মাত্র একটি মামলা
ব্যবসায়ী আতিকুর রহমানকে ২০০১ সালের ২১ ফেব্রুয়ারি গুলি করে হত্যা করা হয়। প্রধান আসামি কিলার আব্বাস। তাঁর বিরুদ্ধে এখন এই একটি মামলাই ঝুলছে। ঢাকার জননিরাপত্তা আদালতে মামলাটি বিচারাধীন। তবে এটির অবস্থাও করুণ। মামলার বাদী নিহত আতিকুরের স্ত্রী সুলতানা রহমান আদালতে সাক্ষ্য দিলেও কোনো আসামির নাম বলেননি। তদন্ত কর্মকর্তা ডিবির তৎকালীন পুলিশ পরিদর্শক মাহতাব হোসেন তালুকদার ২০১৩ সালের ২৭ এপ্রিল মারা গেছেন। ২৭ জন সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন সাতজন। অন্যরা সমন জারির পরেও শুনানিতে না আসায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তারপরও আদালতে সাক্ষীদের হাজিরা নেই।