দুই গরুর লড়াই, একঘরে একটি কৃষক পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতব্ববের সিদ্ধান্ত অমান্য করার অপরাধে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বারাদী জুগিন্দা গ্রামের একটি পরিবারকে একঘরে করে রাখা হয়েছে। এর ফলে ওই পরিবারের গরু-ছাগল বাড়ির বাইরে চরানো, মাঠে চাষাবাদ এবং সন্তানদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে। তার পরও মাতব্বরের লোকজনের হুমকির মুখে পরিবারটির কলেজপড়ুয়া দুই ছেলে এখন অন্যত্র আশ্রয় নিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ মে ওই গ্রামের গোলাম হোসেন (৪৫) তাঁর ছেলেকে নিয়ে নিজ জমিতে চাষাবাদ করছিলেন। এ সময় পাশের গ্রামের মাতব্ববের সহকারী আপতান আলীর গরুর সঙ্গে তাঁর গরুর লড়াই বাঁধে। গোলাম হোসেনের ছেলে আবদুস সালাম তাঁর গরুকে লাঠিপেটা করে লড়াই বন্ধের চেষ্টা চালান। এ নিয়ে আপতান আলী তাঁকে বিদ্রূপ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আপতান আলীর দায়ের কোপে আবদুস সালামের হাত কেটে যায়। এ নিয়ে ওই দিনই গ্রামে সালিস ডাকেন মাতব্বর মোশারফ হোসেন। গোলাম হোসেনের অনুপস্থিতিতেই সালিসে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ক্ষমা চাইতে বলা হয়। এই রায় পালনে অস্বীকৃতি জানালে পরদিন পরিবারটিকে একঘরে করা হয়।গোলাম হোসেন জানান, তিনি ২৬ মে বিষয়টি উল্লেখ করে মাতব্বর আপতান আলী, মোশারফ হোসেনসহ তিনজনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করতে মেহেরপুর সদর থানাকে নির্দেশ দেন। এতে জীবন আরও হুমকির মুখে পড়ায় গোলাম হোসেন জীবনের নিরাপত্তা চেয়ে ২৮ মে মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আপতান আলী ও মোশারফ হোসেন জানান, জোর করে লড়াই বাঁধিয়ে দিয়ে আপতানের গরুকে আহত করা হয়েছে। তাই গোলামের বিরুদ্ধে জরিমানা ও ক্ষমার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অমান্য করায় গ্রামের লোকজন তাঁদের একঘরে করেছে।