দুই গাড়ির মাঝখানে প্রাণ গেল তাঁর
রাজধানীর বাড্ডায় দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে গাড়িচালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। বুধবার বেলা তিনটার দিকে বাড্ডার মক্কা সিএনজি ফিলিংস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই তরুণের নাম মো. শহীদ (১৮)।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. নওশাদ আলী প্রথম আলোকে বলেন, ‘বিহঙ্গ পরিবহনের একটি গাড়ি ফিলিংস্টেশনটির সামনে অগ্রদূত পরিবহনের একটি গাড়িকে ওভারটেক করার সময় দুই বাসের মাঝখানে চাপায় পড়ে ঘটনাস্থলেই ওই শহীদের মৃত্যু হয়। এ ঘটনায় বাস দুটিকে আটক করা হলেও উভয় বাসের চালক পালিয়ে গেছেন।’
নিহত শহীদ বিহঙ্গ পরিবহনের গাড়িচালকের সহকারী ছিলেন এবং তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নিহত শহীদ সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার উরুরগাঁও গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি রাজধানীর মিরপুরের রূপনগরের দুয়ারীপাড়া এলাকায় থাকতেন।