দুই গৃহবধূ হত্যার পাঁচ মাসেও গ্রেপ্তার নেই
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত সেপ্টেম্বরে মনিকা বেগম (২২) ও আছিয়া খাতুন (২৮) নামের দুই গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগে মামলা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে এর প্রমাণও পাওয়া গেছে। এ দুটি হত্যার পাঁচ মাস পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মনিকা বেগম নালিতাবাড়ীর পাঁচগাও গ্রামের জমশেদ আলীর মেয়ে ও রানীগাঁও গ্রামের রাকিবুল হাসানের (২৭) স্ত্রী ছিলেন। আছিয়া খাতুন নকলা উপজেলার ধনাকুশা গ্রামের আশরাফ আলীর মেয়ে ও নালিতাবাড়ীর কোন্নগড় গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী ছিলেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান গতকাল বুধবার বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদনে দুই গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যা করার প্রমাণ রয়েছে। অপরাধীদের ধরতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এ জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাকিবুল হাসানকে নিয়ে চাঁদগাও গ্রামে মনিকা বেগম নানাবাড়িতে বেড়াতে যান। সেখানে রাতে মনিকাকে শ্বাস রোধ করে হত্যার পর পালিয়ে যান রাকিবুল। পরদিন মনিকার বাবা জমশেদ আলী রাকিবুলের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
জমশেদ আলী বলেন, ‘মেয়েডা পৃথিবীতে নাই—এ কথা মনে হইলে কইলজা জ্বলতে থাহে।’ বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবদুস সবুর বলেন, ‘মামলার আসামি মনিরুলের বাড়ি-ভিটা নেই। তিনি এখানে আসেন না। তাঁকে ধরতে ইতিমধ্যে বিভিন্ন জেলায় খোঁজখবর নেওয়া হচ্ছে। এখনো সন্ধান পাওয়া যায়নি।’
সূত্র আরও জানায়, ২২ সেপ্টেম্বর কোন্নগড় গ্রামে মনিরুল ইসলামসহ তাঁর পরিবারের লোকজন যৌতুকের টাকার জন্য আছিয়া খাতুনকে শ্বাস রোধ করে হত্যা করে। পরে মনিরুল তাঁর পরিবারের লোকজনসহ পালিয়ে যান। মনিরুল, তাঁর মা ও ছোট বোনকে আসামি করে মামলা করেন আছিয়ার বাবা আশরাফ আলী।
আশরাফ আলী বলেন, ‘৫০ হাজার টাকার জন্য আমার মেয়েটাকে শ্বাস রোধ কইরা হত্যা করছে। অহনও কেউ গ্রেপ্তার হইছে না। মেয়ে হত্যার বিচার চাই।’
মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নজরুল ইসলাম বলেন, মনিরুল ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক। তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’