দুই গৃহবধূকে ধর্ষণের মামলায় অভিযোগপত্র
যশোরের মণিরামপুর উপজেলার হাজরাইল গ্রামের ঋষিপল্লির দুই গৃহবধূ গণধর্ষণ মামলায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যশোর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মনিরামপুর থানা ও সিআইডি পুলিশ সাত মাস তদন্ত শেষে এ অভিযোগপত্র চূড়ান্ত করে।
সিআইডির যশোর কার্যালয়ের পরিদর্শক শাহ দারা ও হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনকে পলাতক ও চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যদিও একজন জামিনে রয়েছেন।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন: হাজরাইল গ্রামের উত্তম দাস, ভোমরদাহ গ্রামের মফিজ গাজী, সোহরাব হোসেন, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, আলীম, সিদ্দিকুর রহমান, শাহাবুদ্দিন, ইলিয়াস ও আবু তাহের।
এর মধ্যে সোহরাব হোসেন, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, আলীম, ইলিয়াস ও আবু তাহেরকে পলাতক এবং শিহাব, মফিজ, সিদ্দিক ও উত্তমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ না মেলায় অভিযোগপত্র থেকে দুজনকে বাদ দেওয়া হয়েছে।
মামলার এজাহারমতে, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ঋষিপল্লির বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যেতে বলে আসেন। হাজরাইল গ্রামের ঋষিপল্লির ভোটাররা ভোট দিতে যাওয়ায় আসামিরা ক্ষিপ্ত হন। এর জের ধরে ৭ জানুয়ারি রাতে আসামিরা ঋষিপল্লির দুটি বাড়িতে চড়াও হন। অস্ত্র দেখিয়ে বাড়ির লোকদের জিম্মি করে দুই গৃহবধূকে গণধর্ষণ করেন। বিষয়টি জানাজানি করলে হত্যার হুমকি দিয়ে আসামিরা চলে যান।
এ ব্যাপারে ১০ জানুয়ারি ধর্ষণের ঘটনায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজনের নামে মনিরামপুর থানায় দুটি মামলা করা হয়। মামলা দুটি প্রথম চার মাস মণিরামপুর থানার পুলিশ ও পরে যশোর সিআইডি পুলিশ তদন্ত করে।