দুই গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁরা হলেন তহুরা বেগম (২৮) ও মোছেনা বেগম (২২)।জানা যায়, কালিয়াকৈর উপজেলার জেঞ্জিরচালা গ্রামের শাহীন মিয়ার সঙ্গে প্রায় দুই বছর আগে একই উপজেলার বড়ইবাড়ি গ্রামের তহুরা বেগমের বিয়ে হয়। বিয়ের পরপরই শাহীন যৌতুক দাবি করেন। এ নিয়ে এই দম্পতির মধ্যে কলহের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, মঙ্গলবার রাতে বাগিবতণ্ডার সময় শাহীন তহুরাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে গলায় ওড়না পেঁচিয়ে তহুরার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া জানান, এ ব্যাপারে নিহত গৃহবধূর বাবা হাসুল উদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নিহত মোছেনার পারিবারিক সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামের সুমন মিয়ার (২৬) সঙ্গে দুই বছর আগে কুমিল্লার মুরাদনগর উপজেলার এলখাল গ্রামের মোছেনা বেগমের (২২) বিয়ে হয়। তাঁদের একটি মেয়ে রয়েছে। মোছেনা মঙ্গলবার সকালে বাবার বাড়ি যেতে চান। এ নিয়ে স্বামীর সঙ্গে তাঁর তর্ক হয়। একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে মোছেনাকে প্রচণ্ড মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। মারধরে ঘটনাস্থলেই মোছেনার মৃত্যু হয়। শ্বশুরবাড়ির লোকজন তাঁর মুখে বিষ ঢেলে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টা করে।