দুই গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের আটিয়াটারি এলাকা থেকে গত বুধবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নীলফামারীর ডোমার পৌর শহর থেকে আরেক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। দুটি ঘটনাই হত্যাকাণ্ড বলে দাবি করেছে তাঁদের পরিবার।

রংপুরে উদ্ধার করা লাশটি সুলতানা আক্তারের (২০)। তাঁর স্বামীর নাম সোহেল রানা (২৫)। তাঁদের বাড়ি নগরের ধাপ মোহাম্মদপুরের আটিয়াটারি গ্রামে। ডোমার থেকে উদ্ধার করা লাশটি সিমা আক্তারের (২০)। তিনি ডোমার পৌর শহরের ছোট রাউতা শাহীপাড়া মহল্লার মোহাম্মদ আলীর স্ত্রী।

রংপুর কোতোয়ালি থানা-পুলিশ, গৃহবধূর পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর আগে ধাপ মোহাম্মদপুর আটিয়াটারি এলাকার কৃষক সুজা মিয়ার মেয়ে সুলতানা আক্তারের সঙ্গে একই এলাকার ওয়াহেদ আলীর ছেলে সোহেল রানার বিয়ে হয়। এরপর সোহেল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। তিনি ঢাকায় থাকতেন। সুলতানা গ্রামে স্বামীর বাড়িতে থাকতেন। বিয়ের পর থেকে সোহেল যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করে আসছিলেন। কিন্তু সুলতানার পরিবার থেকে এ টাকা দেওয়া হয়নি। এ কারণে সুলতানার ওপর মানসিক নির্যাতন ও মাঝেমধ্যে শারীরিক নির্যাতন চালানো হতো। এবার ঈদুল ফিতরের ছুটিতে বাড়িতে এসে সোহেল আবার যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকেন। পরিবারের পক্ষ থেকে টাকা দিতে অপারগতা জানালে সুলতানার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে গলা টিপে ধরলে তাঁর মৃত্যু হয়। এরপর লাশ বাড়ির পাশের খেতে ফেলে রাখা হয়। বিষয়টি জানাজানি হলে বুধবার সন্ধ্যার দিকেপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় গতকাল সোহেলসহ তাঁর পরিবারের আট সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন সুলতানার বাবা সুজা মিয়া। সকালে আটিয়াটারি এলাকা থেকে সোহেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্য আসামিরা গা ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গৃহবধূর গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। সোহেলও গ্রেপ্তারের পর পুলিশের কাছে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডোমারে মৃত সিমার বাবার নাম মো. সহিদুল ইসলাম। তাঁর বাড়ি পাশের জলঢাকা উপজেলার পূর্ব বালাগ্রাম মন্থেরডাঙ্গা গ্রামে। তিনি বলেন, ‘সিমা আত্মহত্যা করার মতো মেয়ে নয়। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।’ তবে হত্যার কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।

সিমার স্বামী মোহাম্মদ আলী বলেন, ‘আজ (গতকাল) ভোর ছয়টার দিকে বাড়ির লোকজনের চিৎকারে আমার ঘুম ভাঙে। ঘর থেকে বের হয়ে রান্নাঘরে সিমার ঝুলন্ত লাশ দেখতে পাই। সে আত্মহত্যা করেছে। পরে পুলিশে খবর দেওয়া হয়। বেলা দেড়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।’

এ বিষয়ে ডোমার থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আগামীকাল (আজ) নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।