দুই গৃহবধূর লাশ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে গতকাল শনিবার সকালে নুরুন্নাহার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী সোহাগ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রাম থেকে গতকাল শম্পা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মির্জাপুরের উফুল্কী গ্রামের সোহাগ মিয়া দীর্ঘদিন দুবাইয়ে ছিলেন। এ সময় তাঁর স্ত্রী নুরুন্নাহার (২৫) মেয়ে (৪) ও শাশুড়িকে নিয়ে উপজেলা সদরের পোষ্টকামুরী বাইপাসসংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকতেন। সোহাগ মিয়া গত বুধবার দেশে ফিরে ওই বাড়িতেই ওঠেন। শুক্রবার রাতে নুরুন্নাহার স্বামী ও সন্তানের সঙ্গে ঘরে ঘুমাতে যান। গতকাল সকালে ঘরের পাশে একটি গাছে নুরুন্নাহারের ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।নুরুন্নাহারের বাবা খলিল খান অভিযোগ করেন, স্বামী ও শাশুড়ি মিলে নুরুন্নাহারকে নির্যাতন করে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখেন। শাশুড়ি প্রায়ই নুরুন্নাহারকে বকাঝকা করতেন।থানায় সোহাগ মিয়া সাংবাদিকদের জানান, রাতে ঘুমানোর আগে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাঁর সামান্য ঝগড়া হয়েছিল। পরে তাঁরা ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে ওঠার পর দেখেন, স্ত্রী ঘরে নেই। খোঁজাখুঁজি করে গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গতকাল সকালে সিন্দয়াঘাট ফাঁড়ির পুলিশ উপজেলার কানুড়িয়া গ্রামের অলিয়ারের ঘর থেকে তাঁর স্ত্রী শম্পার বেগমের (২৭) লাশ উদ্ধার করে। অলিয়ার পলাতক। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে।তবে শম্পার ভাই কামরুল মোল্লা অভিযোগ করেন, তাঁর ভগ্নিপতি দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকলেও কোনো অর্থ ছাড়া খালি হাতে দেশে ফেরেন। এর পর থেকে তিনি যৌতুকের জন্য চাপ দিচ্ছিলেন। না পেয়ে তাঁর বোনকে নির্যাতন করে হত্যা করেছেন।তবে অলিয়ারের পরিবার দাবি করেছে, পারিবারিক কলহের কারণে শম্পা ঘরের আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহৎযা করেন।