দুই গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের জন্য ক্ষতিপূরণ আদায়ের দাবি
মাগুরছড়া ও টেংরাটিলায় বিস্ফোরণের জন্য দায়ী শেভরন ও নাইকোর কাছ থেকে কমপক্ষে ৫০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল মঙ্গলবার মাগুরছড়া দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে জাতীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ সভাপতির বক্তব্যে বলেন, ১৯৯৭ সালের ১৪ জুন মাগুরছড়ায় বিস্ফোরণে অন্তত ৫০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের ক্ষতি হয়েছে, যা দিয়ে বর্তমানের চাহিদা অনুযায়ী দেড় বছরের বিদ্যুৎ উৎপাদন করা যেত। তিনি বলেন, দেশের জাতীয় সম্পদকে ক্রমান্বয়ে ব্যক্তি খাতে ছেড়ে দিয়ে দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থ রক্ষা করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে দেশের সম্পদ।
আনু মুহাম্মদ জাতীয় সম্পদের ওপর শতভাগ মালিকানা নিশ্চিত ও জাতীয় সক্ষমতা বাড়ানোর দাবি জানান। সুন্দরবন রক্ষায় নীতিমালা প্রণয়ন, সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল এবং স্থানীয় পর্যায়ে জোর-জুলুম বন্ধের দাবি জানান তিনি।