দুই গ্রাম পুরুষশূন্য চাষাবাদ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা ও গোপালপুর গ্রামে এখন নারী ও শিশু ছাড়া কেউ নেই। গ্রাম দুটির অধিকাংশ বাড়ি এখন প্রায় পুরুষশূন্য। ফলে গ্রামের দোকানপাট, ব্যবসা-বাণিজ্য ও চাষাবাদ বন্ধ হয়ে গেছে। গত মঙ্গলবার আমঝুপি ইউনিয়নের দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মদনাডাঙ্গা গ্রামের নবির উদ্দিনের ছেলে আবদুল কুদ্দুস (৩৪) ধারালো অস্ত্রের আঘাতে মারা যান। এরপর থেকে গ্রাম দুটিতে এ অবস্থা বিরাজ করছে।গত শুক্রবার সরেজমিনে গোপালপুর গ্রামে দেখা যায়, অচেনা লোক দেখলেই নারীরা ভীতসন্ত্রস্ত হয়ে মুখ লুকাচ্ছেন। শিশুদের বাড়ির বাইরে যেতে দেওয়া হয় না। প্রায় সাত শ পরিবারের এই গ্রামের একটি বাড়িতেও কোনো পুরুষ খুঁজে পাওয়া যায়নি। এতে গ্রামের দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান সবই বন্ধ। এমনকি মাঠের ফসলি জমির সেচ কাজও বন্ধ হয়ে গেছে। তবে গ্রাম দুটিতে ব্যাপক পুলিশি টহল দেখা গেছে।গোপালপুর গ্রামের জরিনা খাতুন (৩৫) জানান, ফের হামলা ও পুলিশের ভয়ে গ্রামের সব পুরুষ ঘরছাড়া। সালেহা খাতুন বলেন, ‘ইভাবি আর কদিন বিটাছেলিরা বাড়িতে ফিরি না এলি বাড়ির বউ-ছেলি সবই না খেয়ি মরবি।’ গ্রামটিতে আবুল কাশেমের মুদি দোকান, লোকমান হোসেনের আড়ত, কাজী আজিজুলের হোটেল সবই বন্ধ দেখা গেছে। গোপালপুর গ্রামে টহল পুলিশ দলের প্রধান সদর থানার উপপরিদর্শক রেজাউল হক জানান, মদনাডাঙ্গা গ্রামের কিছু পুরুষ বাড়িতে ফিরেছে। ফের হামলার ভয়ে গোপালপুর গ্রামের কোনো বাড়ির পুরুষই এখনো ঘরে ফেরেনি। মেহেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল মালেক মোল্লা বলেন, ‘গ্রাম্য সংঘর্ষটি পরে রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয়। গোপালপুর গ্রামের বিএনপি কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান মদনাডাঙ্গা গ্রামের আওয়ামী লীগের কর্মী আবদুল কুদ্দুস। নিহতের ভাই বদরুদ্দিন মদনাডাঙ্গা গ্রাম আওয়ামী লীগের সভাপতি। এই সংঘর্ষে মদনাডাঙ্গা গ্রামের ২১ জন এবং গোপালপুর গ্রামের ছয়জন আহত হন।’ অপরদিকে আমঝুপি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষটি দুই দল গ্রামবাসীর মধ্যে। এটি কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়। এখন আইনি ও পুলিশি সুবিধা নেওয়ার জন্যই একটি মহল একে রাজনৈতিক-সংঘর্ষ বলে চালানোর চেষ্টা করছে।’ মেহেরপুর সদর থানার ওসি জহুরুল আলম জানান, জানমালের নিরাপত্তা দিতে ও পুনরায় হামলা ঠেকাতে গ্রাম দুটিতে পুলিশ মোতায়েন আছে। এজাহারভুক্ত আসামিদের প্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে। পুলিশ সন্দেহমূলকভাবে ১৪ জনকে আটক করেছে।