দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ জন টেঁটাবিদ্ধসহ আহত ৫০
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি সেচ প্রকল্প পরিচালনা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকালে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নারী-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এর মধ্যে কমপক্ষে ১৫ জন টেঁটাবিদ্ধ হয়েছে।উপজেলার পাহাড়পুর ও যশকেশরী গ্রামের বাসিন্দাদের মধ্যে গতকাল সকালে এ সংঘর্ষ হয়। টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত ১৫ জন হলেন: জাহেদ মিয়া, মদরিছ মিয়া, টেনু মিয়া, মুজিবুর রহমান, নানু মিয়া, ইসমাইল মিয়া, সাবাজ মিয়া, সুজন মিয়া, আজিজুর রহমান, হাবিবুর রহমান, আইয়ুব আলী, মোহন মিয়া, হাকিম উল্লাহ ও আবদুল কাদির। তাঁদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, পাহাড়পুর গ্রামের আছাব মিয়া ও যশকেশরী গ্রামের আলমগীর মিয়া গত বছর স্থানীয় বড়বন সেচ প্রকল্প যৌথভাবে ইজারা নিয়ে পরিচালনা করে আসছিলেন। তবে সম্প্রতি এ সেচ প্রকল্পটি নিয়ে ওই দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। সর্বশেষ গতকাল সকালে দুজনের মধ্যে তর্কবির্তক হয়। একপর্যায়ে পাহাড়পুর গ্রামের লোকজন যশকেশরী গ্রামে গিয়ে আলমগীরের বাড়িতে হামলা চালায়। যশকেশরী গ্রামের লোকজন এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।