দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ জনপ্রতিনিধিসহ আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে বাড়ি জগন্নাথপুর ও হবিবপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ, জনপ্রতিনিধিসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত আবদুল বারিক (৫০) নামের এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের বটতলা নামক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পৌর এলাকায় বাড়ি জগন্নাথপুর গ্রামের মজবিল আলীর ছেলে তৌরিছ আলীর সঙ্গে হবিবপুর গ্রামের আবদুল হক মেম্বারের ছেলে ফয়জুল হকের বীজতলা থেকে চারা তোলা নিয়ে প্রথমে কথাকাটাকাটি, পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর দুপক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ায় দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে মধ্যস্থতা করতে আসা জগন্নাথপুর পৌরসভার মেয়র, কাউন্সিলর, পুলিশসহ উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন।বাড়ি জগন্নাথপুর গ্রামের বাসিন্দা তৌরিছ আলী বলেন, ‘আমাদের জমি থেকে জোরপূর্বক চারা তুলে নিতে গেলে আমি বাধা দিলে হবিবপুর গ্রামের ফয়জুল হক আমাকে মারধর করে। পরে গ্রামবাসীকে নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’ অপরদিকে হবিবপুর গ্রামের ফয়জুল হক জানান, তিনি চারাগুলো কিনে তুলে আনতে গেলে তাঁকে বাধা দেওয়ায় সংঘর্ষের সৃষ্টি হয়। পরে সংঘর্ষ দুই গ্রামে ছড়িয়ে পড়ে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণকালে পুলিশ পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষ চলাকালে চার পুলিশসদস্য আহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।