দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়াপাড়া ও নিজসরাইল গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে চার পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার জের ধরে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নিজসরাইল গ্রামের এক স্কুলছাত্রী তার দুই সহপাঠীকে নিয়ে পাশের উচালিয়াপাড়া গ্রামে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যায় ফেরার পথে উচালিয়াপাড়া গ্রামের জীবন মিয়া (২০) নামের এক বখাটে সাত-আটজনকে সঙ্গে নিয়ে ওই তিন ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে ওই তিন ছাত্রী একটি রিকশায় ওঠে। অন্যরা চলে গেলেও জীবন একটি বাইসাইকেল নিয়ে তাদের উত্ত্যক্ত করতে করতে নিজসরাইল গ্রামে ওই ছাত্রীর বাড়ির কাছে যান। এ সময় মেয়েটির বড় ভাই জীবনকে চড়-থাপ্পড় মেরে শাসিয়ে দেন। এর জের ধরে সন্ধ্যা সাতটার দিকে জীবন ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে নিজসরাইল গ্রামে গিয়ে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের বাড়ি ও শাহবাজপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর ভাড়া বাসাসহ ৮-১০টি বাড়িতে ভাঙচুর চালায়।গতকাল বেলা ১১টার দিকে উভয় গ্রামের লোকজন আবারও সংঘর্ষে লিপ্ত হয়। বেলা দেড়টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ পর ফের সংঘর্ষে বেধে যায়। বেলা তিনটার দিকে জেলা সদর থেকে আসা পুলিশ ১৬০টি রাবার বুলেট ও ৪৪টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।