ঝিনাইদহের কোটচাঁদপুরে বড় বামনদাহ ও কাশিপুর নামে দুটি গ্রামের অধিকাংশ জমিতে গলমাছি নামের পোকার আক্রমণে ধানের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। পোকার আক্রমণে ধানগাছের মাইজপাতা নষ্ট হয়ে যাচ্ছে।
ওই দুটি গ্রামে সরেজমিনে দেখা যায়, অনেক খেতে কৃষকেরা কীটনাশক ব্যবহার করছেন। তাঁরা জানান, মাঠে বিভিন্ন জাতের স্বর্ণ ধান, ব্রি-৩৯, ব্রি-৪১, বিনা-৫, বিনা-৭সহ বেশ কয়েক ধরনের ধানের চাষ করা হয়েছে। গলমাছি পোকার আক্রমণে প্রায় সব জাতের ধানগাছের পাতা পাইপের মতো হচ্ছে। কৃষকেরা বলেন, এই পরিস্থিতি মোকাবিলা করতে না পারলে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, গলমাছি পোকা ধানগাছের মধ্যে বাসা বেঁধে মাইজপাতা নষ্ট করে দিচ্ছে। তবে পোকা ব্যাপকভাবে ছড়ানোর আগেই কাজ শুরু করেছে কৃষি বিভাগ। কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে, এই পোকার উপদ্রব নিয়ন্ত্রণ করা যাবে।
কাশিপুর গ্রামের কৃষক আমেদুল ইসলাম জানান, তিনি চার বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। এর মধ্যে প্রায় এক বিঘা জমির ধানগাছের মাইজপাতা পাইপের মতো হয়ে গেছে। একই গ্রামের আনোয়ার হোসেন জানান, তাঁর দুই বিঘা জমির ধানগাছ নষ্ট হয়ে গেছে। গাছের ভালো পাতা আর পাওয়া যাচ্ছে না।
বড় বামনদাহ গ্রামের আবদুর রাজ্জাক বলেন, তাঁর তিন বিঘা জমির ধানগাছে নিয়মিত কীটনাশক দিয়েছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কৃষকেরা অভিযোগ করেন, এই পরিস্থিতিতে যেভাবে প্রয়োজন, কৃষি বিভাগের লোকজন তাঁদের সেভাবে পরামর্শ দিচ্ছেন না।
এ বিষয়ে ওই এলাকার দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা অরুণ কুমার বলেন, কিছু কিছু খেতে এ সমস্যা দেখা দিয়েছে। তবে সেটা পরিমাণে খুবই কম। ইতিমধ্যে পোকা প্রতিরোধে কাজ শুরু হয়েছে। কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি বলেন, গলমাছি পোকা গাছের মধ্যে বাসা করছে। এই পোকার কারণে পাতা পাইপের মতো হয়ে যাচ্ছে। তিনি বলেন, সম্প্রতি বৃষ্টির পানিতে ওই এলাকার ধান পানির নিচে চলে যাওয়ায় এই পোকা দেখা দিয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে।