দুই গ্রামের বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনা নিয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের আমুনিয়া ও বানিয়াচাপড় গ্রামের মধ্যে কয়েক দফা সংঘর্ষে গত আট দিনে অন্তত ৩৫ জন আহত হয়েছে। এ ব্যাপারে বানিয়াচাপড় গ্রামের ইউনুস আলী ও রবিউল ইসলাম বাদী হয়ে আমুনিয়া গ্রামের ৪৫ জনকে আসামি করে গত রোববার ক্ষেতলাল থানায় দুটি মামলা করেছেন।মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৩ সেপ্টেম্বর আমুনিয়া গ্রামের আজিজার রহমান তাঁর মায়ের সঙ্গে খারাপ আচরণ করায় স্ত্রীকে মারধর করেন। স্ত্রীকে মারার খবর পেয়ে বানিয়াচাপড় গ্রামের আজিজার রহমানের শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন ওই দিন আমুনিয়া গ্রামে আসেন এবং এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় গ্রামের অন্তত ৩৫ জন আহত হয়।এর পরদিন ক্ষেতলাল উপজেলার চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার উভয় গ্রামের লোকজনকে ডেকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে ৯ সেপ্টেম্বর বৈঠকের তারিখ নির্ধারণ করেন। সে অনুযায়ী গত শুক্রবার সকাল নয়টায় উপজেলা চেয়ারম্যান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দুই গ্রামের দুই শতাধিক মানুষের সামনে বিষয়টি মীমাংসা করে দেন। ওই দিন বিকেলে বানিয়াচাপড় গ্রামের ইউনুস আলীর ছেলে ব্যবসায়ী রবিউল ইসলাম আমুনিয়া গ্রামের ওপর দিয়ে মধুপুকুর বাজারে যাওয়ার পথে গ্রামের কয়েকজন তাঁকে মারধর করেন। খবর পেয়ে বানিয়াচাপড় গ্রামের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে পুলিশ এসে রবিউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরদিন তাঁকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আমুনিয়ার পাশের মধুপুকুর বাজারের আকরাম হোসেন ও আলমপুর গ্রামের শিক্ষক লাল মোহাম্মদ জানান, গত আট-নয় দিনে ওই এলাকায় চার-পাঁচবার সংঘর্ষ হয়েছে। আহত রবিউল ইসলাম বলেন, ‘আলমপুর গ্রামের মাহফুজুর রহমানের উসকানি পেয়েই তাঁর লোকজন আমাদের ওপর অত্যাচার করছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাহফুজুর রহমান পরাজিত হওয়ায় তখন থেকে বানিয়াচাপড় গ্রামের লোকজনকে শায়েস্তা করার সুযোগ খুঁজছিলেন।’মাহফুজুর রহমান বলেন, ‘নির্বাচনে পরাজয়ের জন্য এ ঘটনা ঘটেনি। মারামারির ঘটনাটি ঘটেছে পারিবারিক কলহের জের ধরে। এ ব্যাপারে আমার ইন্ধন নেই।’ইউপি চেয়ারম্যান গাজিউল হক বলেন, এসব ঘটনার মূল নায়ক মাহফুজুর রহমান। এলাকায় তাঁর অত্যাচারের কথা উপজেলা সমন্বয় কমিটিতে একাধিকবার উত্থাপন করেও লাভ হয়নি। উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার বলেন, ‘কয়েক দিন ধরে ওই দুই গ্রামের বাসিন্দাদের শান্ত রাখার চেষ্টা করেছি। কিন্তু অদৃশ্য কারণে আবারও পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে।