দুই গ্রামের বাসিন্দাদের দ্বন্দ্ব বিদ্যালয়ের বারোটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহেববাজারে যাবেন না ভবানীপুরের মানুষ। তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। আর সাহেববাজারটি যে ডেফলবাড়ী গ্রামে অবস্থিত, তাঁদের দাবি—ভবানীপুরের মানুষ প্রতিহিংসাপরায়ণ। যে কারণে সামান্য বিষয় নিয়ে গোলমাল করে তাঁদের সঙ্গে টেক্কা দিয়ে মাত্র ৩০০ গজ দূরে ভবানীপুর সীমান্তে আরেকটি বাজার বসিয়েছে। নাম দেওয়া হয়েছে ‘টেক্কারবাজার’।দুই গ্রামের মানুষের ঠেলাঠেলির এ বাজারটি বর্তমানে কুতুবপুর-ভবানীপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করছে। স্কুলঘরের সামনে বসানো হয়েছে মুরগি বিক্রির দোকান। বাজারের চায়ের দোকানগুলোতে সারাক্ষণ চলছে টেলিভিশন। সিডির মাধ্যমে দেখানো হচ্ছে সিনেমা। স্কুলের শিক্ষার্থীরা প্রায়ই ওই দোকানে ভিড় করছে। শিক্ষকেরা বলছেন, জেদাজেদির ফল ভালো হয় না, এই বাজার দুটি দিয়ে তা তাঁরা উপলব্ধি করছেন। কিন্তু টেক্কা দিতে গিয়ে গ্রামের মানুষ সেটা ভুলে গেছেন। ক্ষতি করছেন তাঁদের সন্তানদের ভবিষ্যৎ।ঝিনাইদহের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর ও কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ী গ্রামে গিয়ে দেখা যায়, মাত্র ৩০০ গজ ব্যবধানে বসানো হয়েছে দুটি বাজার। এর মধ্যে সাহেববাজারটি বসছে ১০ বছরের বেশি সময়। আর টেক্কারবাজার গত বছরের মাঝামাঝি সময় থেকে। সাহেববাজারে একসময় দোকান ছিল ২০-২৫টি; বর্তমানে ১২টি। আর টেক্কারবাজারে দোকান রয়েছে ২২টি। সাহেববাজারটি কুতুবপুর-ভবানীপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় থেকে কিছুটা দূরে হলেও টেক্কারবাজারটি স্কুলের সামনেই বসেছে।ভবানীপুর গ্রামের বাসিন্দা সানু আলী জানান, সাত-আট মাস আগে ডেফলবাড়ী গ্রামে তাঁদের গ্রামের ছেলেরা ফুটবল খেলতে গিয়েছিল। খেলা নিয়ে সামান্য বচসা হয়। পরে তাঁদের গ্রামের বেশ কয়েকজন সাহেববাজারে গেলে তাঁদের মারধর করা হয়। এর পর থেকে তাঁরা ওই বাজারে যাওয়া বন্ধ করেছেন, নিজেরা বাজার বসিয়েছেন। কিন্তু স্কুলের সামনে এভাবে বাজার বসানো ক্ষতি হয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত তাঁরা কোনো সমস্যায় পড়েননি। বাজার যাঁরা বসিয়েছেন, তাঁদের একজন আবু বক্কর জানান, গ্রামের মানুষের সম্মান বাঁচাতে তাঁরা এটা করেছেন। না হলে এত দিন আরও অনেককে লাঞ্ছিত করা হতো। স্কুলঘরের সামনে বাজার প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রদের পড়ালেখা যাতে নষ্ট না হয়, সে ব্যাপারে তাঁরা সতর্ক আছেন। বাজারের এক দোকানি জানান, ছেলেমেয়েদের ক্ষতির কথা চিন্তা করে তাঁরা স্কুলের সময়ে উচ্চ আওয়াজে গান বাজান না।ডেফলবাড়ী গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জানান, সামান্য গোলমাল নিয়ে এভাবে বাজারের পাশে বাজার বসানো ঠিক হয়নি। আর খেলা নিয়ে যে গোলমাল, তাতে তাঁদের গ্রামের একটি ছেলেও মারধরের শিকার হয়েছে। তিনি বলেন, এই বাজারটি অনেক পুরোনো। বাজারটি বেশ জমজমাট ছিল। কিন্তু পাশেই আরেকটি বাজার বসানোয় সাহেববাজারটি জমে কম। বর্তমানে তাঁরা শুধু বৃহস্পতিবারে হাট বসান। আর টেক্কারবাজারে হাট বসে সোম ও শুক্রবার। বাজারের দোকানি সিরাজুল ইসলাম জানান, পাশাপাশি দুটি দোকান হওয়ায় তাঁরা উভয়েই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন।কুতুবপুর-ভবানীপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম জানান, এখানে বাজার বসানোর ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। চিৎকার-চেঁচামেচির পাশাপাশি ময়লা-আবর্জনায় এলাকার পরিবেশও ভালো থাকে না। বাজারের দোকানগুলোতে টেলিভিশন দেখানো হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়ের সামনের রাস্তার পাশে যে দোকান বসানো হয়েছে, তার মধ্যে মুরগির দোকানও রয়েছে। প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, এই দুরবস্থার মধ্যে তাঁরা বিদ্যালয় পরিচালনা করছেন। বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, তারা এর আগে বিদ্যালয়ের সামনের খোলা জায়গায় খেলাধুলা করত। এখন বাজার বসায় সেটা করতে পারছে না। তা ছাড়া ক্লাসের মধ্যে গন্ধ যাওয়ায় বসতেও কষ্ট হয়।