দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাজারে আগুন, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল খেলা দেখার সময় বসা নিয়ে বিরোধের জের ধরে মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া ও ধোয়াইল গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের কর্মকর্তাসহ ২০ জন আহত হন। গত রোববার মাগুরার ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে বড়রিয়া গ্রামের লোকজন স্থানীয় ধোয়াইল বাজারে আগুন লাগিয়ে দেয়। এতে বাজারের ১২-১৪টি দোকান পুড়ে যায়। এ সময় ১৫-১৬টি দোকান লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার এস এম শামসুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ইটের আঘাতে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ মুজিবর রহমান, আকতার হোসেন এবং কনস্টেবল আবুল হাশেম আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২২টি ফাঁকা গুলি ছোড়ে।সহকারী পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় এসআই মুজিবর রহমান রোববার রাতে বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। রোববার পুলিশ ওই মামলার আসামি বড়রিয়া গ্রামের সোহাগ (২৫), আশরাফুল ইসলাম (৩৮), আইয়ুব হোসেনকে (২৬) আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে চারটার দিকে ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘আছাদুজ্জামান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা আয়োজন করা হয়। খেলা দেখতে আসা বড়রিয়া গ্রামের কয়েকজনের সঙ্গে মাঠের পাশে বসা নিয়ে ধোয়াইল গ্রামের স্বেচ্ছাসেবকদের কথা-কাটাকাটি হয়। পরে এ নিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত প্রায় নয়টা পর্যন্ত সংঘর্ষ চলে। শতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। স্থানীয় বাজারের ব্যবসায়ী আবু বক্কার ও জাহিদুল ইসলাম বলেন, সংঘর্ষ চলাকালে বড়রিয়া গ্রামের লোকজন ধোয়াইল বাজারে আগুন লাগিয়ে দেয়। এতে ১৫-১৬টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।মাগুরা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আবদুল মালেক সর্দার বলেন, অগ্নিকাণ্ডে ধোয়াইল বাজারের ৮-১০টি দোকান পুড়ে যায়। আগুনে আরও তিন-চারটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধোয়াইল বাজারের ব্যবসায়ী অসিম বিশ্বাস ও কাপড় ব্যবসায়ী পান্নু মোল্লা দাবি করেন, হামলাকারীরা তাঁদের দোকানসহ অন্তত ১২-১৪টি দোকান ভাঙচুর ও লুটপাট করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংঘর্ষে দুই গ্রামের দুই সহস্রাধিক মানুষ অংশ নেয়। এদের বেশির ভাগই ছিল বড়রিয়া গ্রামের। সহিংসতার সময় ধোয়াইল গ্রামের লোকজন পিছু হটায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুকুল কৃষ্ণ বিশ্বাস বলেন, ওই ঘটনায় মোট ১২ জন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন: ধোয়াইল গ্রামের মোহাম্মদ হোসেন (১৪), ইকবাল হোসেন (৪০), ধোয়াইল মাঝগ্রামের তোরাব আলী (২১) ও বড়রিয়ার আমজাদ হোসেন (৪২)।মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা বলেন, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।