দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার চৌধুরীবাজারে গত বুধবার সন্ধ্যায় চাল কেনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বাজারের প্রায় ২০০টি দোকান ভাঙচুর করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজনগরের মনসুরনগর ইউনিয়নের চৌধুরীবাজারে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চাল কেনা নিয়ে বিক্রেতা তারাচং গ্রামের হাসেম মিয়া ও ক্রেতা পরচকর গ্রামের মহসীন মিয়ার মধ্যে বাগিবতণ্ডা হয়। হাসেম মিয়া ও মহসীন মিয়ার স্বজনেরা এই বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতে গিয়ে ঢিলের আঘাতে রাজনগর থানার কনস্টেবল মাসুদ রানা আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে শওকত মিয়াকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং চৌধুরীবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তছকির মিয়াকে (৫৫) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোখলেসুর রহমান সরকার ও মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার নাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, চালের দর নিয়ে দুই ব্যক্তির বাগিবতণ্ডা থেকে এই সংঘর্ষ বাধে। এ ঘটনায় মামলা হয়নি।