দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ পুলিশসহ আহত শতাধিক
হাটে বেচাকেনাকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজার ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের রাজাবাজার এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করে, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এলাকাবাসীর অনেকে জানান, নগরকান্দার চাঁদহাট বাজার ও মুকসুদপুরের রাজাবাজারের পাশাপাশি অবস্থিত। মাঝ দিয়ে বয়ে গেছে কুমার নদ। চাঁদহাট বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিক্রি হয়। রাজাবাজার মূলত বাঁশ বেঁচাকেনার জন্য বিখ্যাত।মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আলম বলেন, চাঁদহাট বাজারের কয়েকজন ব্যবসায়ী রাজাবাজারে বাঁশ কিনতে যান। বাঁশ কেনার পর খাজনা না দেওয়াকে কেন্দ্র করে বচসা ও মারপিটের সূত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেল পাঁচটার দিকে উভয় উপজেলার সহস্রাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চাঁদহাট বাজারসংলগ্ন সেতুর এপার-ওপারে অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার পাঁচটা থেকে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা, রামদা, সড়কিসহ নানাবিধ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। নগরকান্দা ও মুকসুদপুর থানার পুলিশ সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়। পরে ফরিদপুর ও গোপালগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা সোয়া সাতটা) তিন পুলিশসহ উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছে। হামলাকারীরা রাজাবাজারের বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় বলে জানা গেছে। আহত ব্যক্তিদের নগরকান্দা, মুকসুদপুর ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস হোসেন বলেন, নগরকান্দা উপজেলার লোকজন অন্যায়ভাবে মুকসুদপুরের রাজাবাজার গ্রামে ঢুকে বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ করিম বলেন, সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।