দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সেন ভাঙ্গাবাড়ী ও আদাচাকী গ্রামের বাসিন্দাদের মধ্যে গতকাল শনিবার সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ২৫ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে দুটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে সেন ভাঙ্গাবাড়ী গ্রামের একটি কোচিং সেন্টারে আদাচাকী গ্রামের শিক্ষার্থী পাভেল রহমানের সঙ্গে সেন ভাঙ্গাবাড়ী গ্রামের শিক্ষার্থী রিসান আলীর কথা-কাটাকাটি হয়। এ নিয়ে ওই দিন বিকেলে সালিস বৈঠক হলেও কোনো পক্ষই বৈঠকের সিদ্ধান্ত মেনে নেয়নি। এর পর থেকেই দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল।
এর জের ধরে গত শুক্রবার রাতে উভয় গ্রামের কয়েকজনের মধ্যে তর্কবিতর্ক হয়। বিষয়টি জানাজানির পর গতকাল সকালে দুই গ্রামবাসী মাইকিং শুরু করে। সকাল নয়টার দিকে আদাচাকী গ্রামের বাসিন্দারা একত্র হয়ে সেন ভাঙ্গাবাড়ী গ্রামে হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় গ্রামের লোকজন লাঠিসোঁটা, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে সেন ভাঙ্গাবাড়ী গ্রামের তোজাম আলী ও মফিজুলের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এভাবে দুপুর ১২টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শতাধিক কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষ চলাকালে পুলিশের তিন কনস্টেবলসহ অন্তত ৫০ জন আহত হন।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব-পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।