দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই ও নাগগাঁতী গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশের চার সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১০টি ঘর ভাঙচুর ও দুটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তামাই গ্রামের ব্যবসায়ী আবদুল মান্নান জোয়ার্দ্দার জানান, এলাকায় চুরি, ডাকাতি ও মাদকসেবীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। নৈশপ্রহরীদের সঙ্গে নাগগাঁতী গ্রামের কয়েকজন তরুণের কথা-কাটাকাটি নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত শনিবার রাতে তামাই বাজারে পাহারা দেওয়ার সময় নাগগাঁতী গ্রামের কয়েকজন তরুণ বাজার এলাকায় আড্ডা দেওয়ার চেষ্টা করেন। এ সময় পাহারাদারেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং নাগগাঁতী গ্রামের সবুজ মিয়াকে মারধর করা হয়। এর জের ধরে গতকাল রোববার সকালে নাগগাঁতী গ্রামের বাসিন্দারা তামাই গ্রামে হামলা চালিয়ে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেন। পরে তামাই গ্রামের বাসিন্দারা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বাধে। তাঁরা নাগগাঁতী গ্রামে গিয়ে ভাঙচুর ও দুটি ঘরে আগুন ধরিয়ে দেন।খবর পেয়ে বেলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে চার পুলিশসহ উভয় পক্ষের ২০ জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন জানান, উভয় গ্রামের মাতব্বরদের সঙ্গে সমঝোতা বৈঠকের ব্যাপারে আলোচনা চলছে।