দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ৩০
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজারে গত বুধবার রাতে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন৷ এ সময় ওই বাজারের ৩০টির বেশি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে৷
দোকান ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীরা মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় করিমপুর চা-বাগান থেকে ফুটবল খেলে বালিগাঁও গ্রামের কয়েকজন তরুণ জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠতে চান। করিমপুর গ্রামের অটোরিকশাচালক হেলন মিয়া তাঁদের গাড়িতে তুলতে আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়৷ পরে মুন্সীবাজারে এসে ওই তরুণেরা হেলন মিয়াকে লাঞ্ছিত করেন। ঘটনাটি জানাজানি হলে করিমপুর গ্রামের লোকজন মুন্সীবাজারের উত্তর পাশে এবং বালিগাঁও গ্রামের লোকজন দক্ষিণ পাশে দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হন৷ একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ এ সময় আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়৷ এক ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন৷
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে৷