দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ৩০
কক্সবাজারের টেকনাফে পূর্বশত্রুতার জের ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গত দুই দিনে দুই দফায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ডেইলপাড়া গ্রামে পানের বরজে স্থানীয় কয়েকজন কাজ করতে যায়। এ সময় পূর্বশত্রুতার জের ধরে নাজিরপাড়া গ্রামের লোকজন দা, কিরিচ, লাঠিসোঁটা নিয়ে ডেইলপাড়ার বাসিন্দাদের ওপর হামলা চালায়। এরপর সাতটি পানের বরজ তছনছ ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। এর মধ্যে গুরুতর আহত সাতজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু গতকাল শুক্রবার সকালে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে দ্বিতীয় দফায় সংঘর্ষে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে আবারও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টেকনাফ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক টিটু চন্দ্র শীল জানান, সংঘর্ষে আহত বেশ কয়েকজনকে বৃহস্পতিবার রাতে চিকিৎসার জন্য আনা হয়। তাদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।