দুই গ্রামের ১৫০ পরিবার গৃহহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার দুটি গ্রামে পদ্মার ভাঙন চলছে l প্রথম আলো
শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার দুটি গ্রামে পদ্মার ভাঙন চলছে l প্রথম আলো

পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় শরীয়তপুরে ভাঙন শুরু হয়েছে। গত সাত দিনে জাজিরা ও নড়িয়া উপজেলার দুটি গ্রামের ১৫০টি পরিবার গৃহহীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে গ্রাম দুটির আরও দেড় হাজার পরিবার। ভাঙনের আশঙ্কায় গ্রামবাসীর অনেকেই বাড়িঘরের আসবাবসহ যা কিছু পারছেন, অন্যত্র সরিয়ে নিচ্ছেন।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত সাত দিনে পদ্মা নদীর পানি ২৫ সেন্টিমিটার বেড়েছে। ফলে নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে এবং ভাঙন দেখা দিয়েছে। জাজিরার কুন্ডেরচর ইউনিয়নের কলমিরচর গ্রাম ও নড়িয়ার মোক্তারেরচর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে ১৫০টি পরিবার ভাঙনের কবলে পড়ে গৃহহীন হয়েছে।

গত রোববার কলমিরচর ও ঈশ্বরকাঠি গ্রামে গিয়ে দেখা যায়, ভাঙনের শিকার পরিবারগুলো বসতঘরের আসবাব সরিয়ে নিচ্ছে। কেউ কেউ বাড়ির আঙিনায় থাকা গাছ কেটে নিচ্ছেন। তাঁরা পাশের গ্রামগুলোর ফসলি জমিতে খোলা আকাশের নিচে, কেউবা ছাপরা ঘর করে থাকছেন।

ঈশ্বরকাঠি গ্রামের মাসুদা বেগমের ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। বসতবাড়ির একটি অংশও ভেঙে গেছে। খবর পেয়ে তাঁর ভাইয়েরা ছুটে এসেছেন। তাঁর বাড়িঘরের আসবাব সরিয়ে নেওয়া হচ্ছে বাবার বাড়ি জাজিরার বিলাশপুর গ্রামে। মাসুদা বেগম প্রথম আলোকে বলেন, ‘পদ্মার ভাঙনে আমরা নিঃস্ব হয়ে গেলাম। বসতবাড়ি, ফসলি জমি সব কেড়ে নিল পদ্মা। ছেলেমেয়ে নিয়ে এখন কীভাবে জীবন চলবে?’

জমিতে ফসল আবাদ করে ভালোভাবেই সংসার চলছিল কলমিরচর গ্রামের ইদ্রিস মাতবরের। পদ্মার ভাঙনে তাঁর দুই বিঘা জমি ও বসতবাড়ি বিলীন হয়ে গেছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার সংসারে অভাব ছিল না। সাত দিনে সব শেষ। এখন পথের ফকির হয়ে গেলাম। কীভাবে বাকি জীবন পরিবারের সদস্যদের নিয়ে কাটাব?’

কুন্ডেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাউদ্দিন মাতবর বলেন, ‘গত বছর এ ইউনিয়নে নদীভাঙনে ৮০০ পরিবার গৃহহীন হয়েছে। এবারও ভাঙন শুরু হয়েছে। কে জানে এ বছর কত মানুষ গৃহহীন হয়। আমরা তাদের ত্রাণ সহায়তা ছাড়া কিছুই করতে পারছি না।’

স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে বসতবাড়ির মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ছবি দুটি গত রোববার জাজিরার কলমিরচর গ্রাম থেকে তোলা l প্রথম আলো
স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে বসতবাড়ির মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ছবি দুটি গত রোববার জাজিরার কলমিরচর গ্রাম থেকে তোলা l প্রথম আলো

শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, এলাকাটি ভাঙনপ্রবণ। প্রতিবছরই এখানে পদ্মা নদীর ভাঙনে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। জাজিরার কুন্ডেরচর থেকে নড়িয়ার সুরেশ্বর লঞ্চঘাট পর্যন্ত ৮ হাজার ৯০০ মিটার বাঁধ দেওয়া হবে। ১ হাজার ২৯৪ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। এটির বাস্তবায়ন হলে এলাকার ভাঙন রোধ করা সম্ভব হবে।

জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের অর্থ, তাঁবু ও টিন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। যাঁরা সর্বস্ব হারিয়েছেন, তাঁরা চাইলে খাসজমি বরাদ্দ দেওয়া হবে।