দুই ঘণ্টা অচল চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ না থাকায় প্রায় দুই ঘণ্টা অচল ছিল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। গতকাল বুধবার ভোর ৬টা ৩০ মিনিটে বিমানবন্দরের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিদ্যুৎ না থাকায় দুটি উড়োজাহাজের অবতরণ সূচি পিছিয়ে দেওয়া হয়। তবে ওই সময় কোনো উড়োজাহাজের উড্ডয়ন সূচি না থাকায় বড় ধরনের যাত্রী দুর্ভোগ হয়নি বলে কর্মকর্তারা দাবি করেছেন। তাঁরা জানান, বিমানবন্দরের বিদ্যুৎ বিতরণ প্ল্যান্টটি (পাওয়ার ডিস্ট্রিবিউশন প্ল্যান্ট) হঠাৎ বিকল হয়ে যাওয়ায় গতকাল ভোর ৬টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নুর-ই আলম প্রথম আলোকে বলেন, ‘বিমানবন্দর এলাকার বিদ্যুৎ বিতরণ প্ল্যান্ট হ্যাং হয়ে যাওয়ায় জেনারেটর বন্ধ হয়ে যায়। এ অবস্থায় প্রায় ১ ঘণ্টা ৫০ মিনিট বিদ্যুৎ সরবরাহ না থাকায় একটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণে বিলম্ব ঘটে। পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে নিয়মিত বিমান চলাচল শুরু হয়।’
বিমানবন্দর সূত্র জানায়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মাস্কট থেকে ছেড়ে আসা ওমান এয়ারওয়েজ ফ্লাইটটি ১২ মিনিট ও ঢাকা থেকে আসা ইউএস বাংলা এয়ারওয়েজের একটি ফ্লাইট আধা ঘণ্টা পরে অবতরণ করে।
বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, ওমান এয়ারওয়েজের ফ্লাইটটি সকাল ৮টা ৩১ মিনিটে অবতরণের নির্ধারিত সূচি থাকলেও বিদ্যুৎ সমস্যার কারণে এটি আকাশে ছিল। পরে সকাল ৮টা ৪৩ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে।
অন্যদিকে ইউএস বাংলা এয়ারওয়েজের ফ্লাইটটি সকাল পৌনে নয়টার পরিবর্তে সকাল সোয়া নয়টায় অবতরণ করে। সংস্থাটিকে বিদ্যুৎ বিপর্যয়ের কথা আগেই জানানো হয়। সে কারণে ঢাকা থেকে উড়োজাহাজটি বিলম্বে ছাড়ে।