দুই ঘণ্টা আগেই বিক্রি বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরবরাহ শেষ, তাই নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই চাল, তেল ও চিনি বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিএমসিসিআই) স্থাপিত ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়কেন্দ্রে গতকাল সোমবার বেলা সোয়া একটায় এ চিত্র দেখা গেছে।গত রোববার সকাল থেকে সিএমসিসিআইয়ের উদ্যোগে এ বিক্রয়কেন্দ্রে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু হয়। চট্টগ্রামে ভোগ্যপণ্যের বড় বড় আমদানিকারক ও শিল্পগ্রুপের মালিকেরা এই চেম্বারের পরিচালক। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আসার পর তাঁরা পণ্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এভাবে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেন। গত রোববার নগরের আগ্রাবাদে চেম্বার প্রাঙ্গণে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। সরেজমিন ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি বন্ধ হওয়ায় ক্রেতারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বেলা ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত এই দোকানে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছিলেন সিএমসিসিআইয়ের সভাপতি।সাবিহা বেগম নামে এক ক্রেতা বলেন, ‘চাল-তেল ফুরিয়ে যাওয়ায় আধা ঘণ্টা দাঁড়িয়ে থেকে আমি শুধু চিনি কিনতে পেরেছি।’ অপর ক্রেতা আবদুল মালেক বলেন, ‘তিনটা পর্যন্ত বিক্রির কথা বলে এখন মাল শেষের কথা বলে বন্ধ করে দেওয়ার অর্থ বুঝলাম না।’নাম প্রকাশে অনিচ্ছুক বিক্রয় কর্মকর্তা বলেন, ‘আমাদের নির্ধারিত পণ্যের সরবরাহ শেষ হয়ে গেছে। তাই বিক্রি বন্ধ।’ এ ব্যাপারে সিএমসিসিআইয়ের সহকারী সচিব ফয়সাল আব্বাস প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিদিন এক টন (২০ বস্তা) চিনি, এক টন চাল ও ১০ কার্টন তেল (এক কার্টনে নয়টি করে দুই লিটারের বোতল থাকে) বিক্রি করছি। এসব পণ্য নির্ধারিত সময়ে চাহিদা পূরণের কথা। কাল লোকজনের চাপ বেশি ছিল বলেই হয়তো ঘাটতি দেখা দিয়েছে।’ চেম্বার সূত্রে জানা যায়, গরিব ও দুস্থদের জন্য ভর্তুকি দিয়ে এমসিসিআই ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছে। এতে প্রতি কেজি আতপ চালের দাম রাখা হচ্ছে ২৪ টাকা, চিনি ৫৮ টাকা এবং দুই লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি করা হচ্ছে ২৩০ টাকায়। একজন লোক সর্বোচ্চ পাঁচ কেজি চাল ও দুই কেজি চিনি কিনতে পারবেন। পুরো রমজান মাস এ কার্যক্রম চলবে।