চট্টগ্রাম বন্দরে গত বৃহস্পতিবার রাতে দুই ঘণ্টা জাহাজ থেকে কনটেইনার খালাস করতে পারেনি কসকো চায়না শিপিং কনটেইনার লাইনস। এ জন্য বন্দরের অতি উৎসাহী কর্মকর্তাদের দায়ী করেছে চীনা এই কোম্পানির স্থানীয় এজেন্ট হিসেবে নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ট্রেডার্স। গতকাল শুক্রবার দুপুরে নগরের আগ্রাবাদের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে কন্টিনেন্টাল ট্রেডার্সের পক্ষে বক্তব্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক রশীদ আলী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরী। উপস্থিত ছিলেন কন্টিনেন্টাল গ্রুপের নির্বাহী পরিচালক আতাউল করিম চৌধুরী।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হাইকোর্টের একটি আদেশের কপি আসার আগেই চট্টগ্রাম বন্দরের অতি উৎসাহী কর্মকর্তারা মৌখিকভাবে কসকো চায়না শিপিং লাইনসের কনটেইনার খালাস না করতে নির্দেশ দেন। বৃহস্পতিবার রাতে কাস্টমস কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া দুই ঘণ্টা কনটেইনার খালাস বন্ধ থাকায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে সাময়িক ক্ষতি হয়েছে। বহির্বিশ্বেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এমনকি চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, চীনের পতাকাবাহী দুটি শিপিং কোম্পানি চায়না শিপিং কনটেইনার লাইনস ও কসকো কনটেইনার লাইনস একীভূত হয়ে কসকো চায়না শিপিং কনটেইনার লাইনস নামে কনটেইনার ও মালামাল পরিবহন করছে। দুটি কোম্পানি একীভূত হওয়ায় পর বাংলাদেশে কনটেইনার ওঠানামা করার দায়িত্ব কন্টিনেন্টাল ট্রেডার্সকে দেওয়া হয়েছে। আগে কসকো কনটেইনার লাইনসের স্থানীয় এজেন্ট ছিল কসকো বাংলাদেশ শিপিং লাইনস। গত ২৫ জুলাই কসকো বাংলাদেশ শিপিং লাইনসকে অব্যাহতি দেওয়া হয়। একপর্যায়ে প্রতিষ্ঠানটি হাইকোর্টে রিট করে। রিটের আদেশে কী উল্লেখ করা হয়েছে তা এখনো কন্টিনেন্টাল ট্রেডার্স জানতে পারেনি। যদি বন্ধ করার আদেশ দেয়, তবে তা আগে কাস্টমস কর্তৃপক্ষ জানবে।
অভিযোগের বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বলেন, ‘কিছু সময়ের জন্য কনটেইনার খালাস বন্ধ ছিল। আসলে সমস্যা আমাদের নয়। দুটি শিপিং এজেন্টের মধ্যে সমস্যা। ওরা আপিল বিভাগ থেকে আদেশ নিয়ে না আসা পর্যন্ত আমরা কনটেইনার খালাস আর বন্ধ করব না।’
এদিকে কন্টিনেন্টাল ট্রেডার্সের কৌঁসুলি ব্যারিস্টার তানজিব-উল আলম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের সত্যায়িত অনুলিপি ছাড়া মৌখিক আদেশে বন্দর কর্মকর্তারা দুই ঘণ্টা কনটেইনার খালাস বন্ধ রেখেছিলেন। কাজটি আইনসিদ্ধ ছিল না।’