দুই ঘণ্টা তাড়া করে গাড়ি আটক, ফেনসিডিল উদ্ধার

প্রায় দুই ঘণ্টা তাড়া করে চট্টগ্রামের সীতাকুণ্ডের হাটহাজারী সড়কের পাহাড়ি এলাকা থেকে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ একটি টেক্সিক্যাব আটক করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ী, টেক্সিক্যাবের চালক ও তাঁর সহযোগীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মাদক ব্যবসায়ী রুবেল ও সোহাগ এবং টেক্সিক্যাবের চালক মো. রহমান ও তাঁর সহযোগী বাবুল সেন।
বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, কুমিল্লা থেকে ফেনসিডিলের একটি বড় চালান কক্সবাজার যাচ্ছে—এমন খবরের ভিত্তিতে আজ ভোররাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া হাইওয়ে থানার সামনে গাড়িতে তল্লাশি চালানো হয়। কিছুক্ষণ পর ওই টেক্সিক্যাবটি থামাতে সংকেত দেওয়া হয়।
কিন্তু টেক্সিক্যাবটি না থামিয়ে দ্রুত চলে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ ক্যাবটির পিছু নেয়। পুলিশের ধাওয়া খেয়ে টেক্সিক্যাবটি একপর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে হাটহাজারী সড়কে ঢুকে যায়। এ সময় পুলিশের গাড়িটি যানজটে আটকা পড়ে। টেক্সিক্যাবটি হাটহাজারী সড়কের পাহাড়ি এলাকায় রুবেল ও সোহাগকে নামিয়ে দিয়ে আবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে আসে।
প্রায় দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএমএ এলাকা থেকে ওই টেক্সিক্যাবসহ রহমান ও বাবুলকে আটক করে পুলিশ। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী হাটহাজারী সড়কের পাহাড়ি এলাকা থেকে ফেনসিডিলসহ রুবেল ও সোহাগকে আটক করা হয়।
আটক গাড়িচালক রহমান বলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথ দীঘি এলাকা থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত আট হাজার টাকা দিয়ে গাড়িটি ভাড়া করেন রুবেল। সে তাঁর সহযোগীসহ তিনটি বস্তা ভর্তি মালামাল নিয়ে গাড়িতে ওঠেন। বস্তায় কী ছিল তা জানতেন না বলে দাবি করেন রহমান।
এ দিকে আজ দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াপদা রোড এলাকা থেকে আরও ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।