দুই ঘণ্টা দোকানপাট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারের ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুই ঘণ্টা সব দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।বরমী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোড়ল জানান, বরামা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে কবীর হোসেন ও তার কয়েকজন সহযোগী গতকাল বিকেলে পূর্ববিরোধের জের ধরে বরমী বাজারের খদিজা ফার্মেসির মালিক সিদ্দিকুর রহমানের (৩৫) দোকানে গিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি পিটিয়ে ব্যবসায়ীকে আহত করে। এ সময় বাজারের অন্য ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে বিচারের দাবিতে বাজারের সব ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। আহত সিদ্দিকুরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বরমী বাজার বণিক সমিতির সভাপতি অহিদুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোড়লের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বেপারী, ফারুক হোসেন মৃধা, রুহুল্লাহ ফকির, জহিরুল ইসলাম, শরীফ মৃধা প্রমুখ।