চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছিনতাইকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল শনিবার দুই ঘণ্টা শাটল ট্রেন অবরোধ করে রাখেন শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।
ছাত্রলীগের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত নগরের ষোলশহর থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যেতে দেননি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে তাঁরা অবরোধ তুলে নেন এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে চার দফা দাবিতে দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন এবং উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, রাতের ট্রেনে ক্যাম্পাসে ফেরার অপেক্ষারত শিক্ষার্থীরা নগরের ষোলশহর রেলস্টেশনের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ রাত সাড়ে আটটার দিকে ছিনতাইকারীরা এসে এক শিক্ষার্থীর মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। পরে শিক্ষার্থীরা দৌড়ে গিয়ে খোকন নামের এক ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন।
এদিকে এক ছিনতাইকারীকে শিক্ষার্থীরা ধরে পুলিশে দিয়েছেন, এই খবর শুনে ছিনতাইকারী দলের ১০-১৫ জন সদস্য ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থী ও পুলিশের ওপর হামলা করে আটক হওয়া ছিনতাইকারী খোকনকে নিয়ে যায়। ছিনতাইকারীদের হামলায় তৌহিদুল ইসলাম নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হন। শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত তৌহিদুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘কনকর্ডের’ কর্মী। এই ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শনিবার বিশ্ববিদ্যালয়গামী সকাল পৌনে সাতটা ও সাড়ে আটটার ট্রেন দুটি আটকে দেন।
ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসম্পাদক ও ছাত্রলীগের কনকর্ড পক্ষের নেতা আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হওয়ায় ষোলশহর রেলওয়ে স্টেশনটি দিনে দিনে শিক্ষার্থীদের জন্য হুমকি হয়ে উঠছে। প্রতিদিনই ছিনতাইকারীদের হাতে শিক্ষার্থীরা জিনিসপত্র হারাচ্ছেন এবং হামলার শিকার হচ্ছেন। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এ রকম ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে প্রতীকী প্রতিবাদ হিসেবে শাটল ট্রেন অবরোধ করি।’
রেলওয়ে পুলিশের ষোলশহর স্টেশন ফাঁড়ির ইনচার্জ আরব আলী প্রথম আলোকে বলেন, ‘ছিনতাইকারীরা শিক্ষার্থীদের ওপর হামলা করলে পুলিশ এগিয়ে যায়। পরে তারা পুলিশের ওপরও হামলা করে আটক হওয়া ছিনতাইকারী খোকনকে নিয়ে যায়। আমরা পরে অভিযান চালিয়ে খোকনকে আটক করেছি।’