দুই ঘণ্টার এক উদ্ধার কাহিনি

দুর্ঘটনার পর রডবাহী লরির ভেতর আটকে পড়া চালকের আহত সহকারীকে দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে। আজ বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মগপুকুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
ভোর সাড়ে ছয়টার দিকে ওই রডবাহী লরির (লং ভেহিকল) সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে লরির চালকের সহকারী মো. সোহাগ লরির সামনের অংশের কেবিনের ভেতর আটকা পড়েন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় দুই ঘণ্টা পর সোহাগকে জীবিত উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত লরির চালক এবং কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজনের ভাষ্য, ঢাকাগামী রডবাহী একটি লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লরির সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায়। লরির পেছনে থাকা রড সামনের কেবিন চেপে ধরে। এতে লরির সামনের বাঁ পাশের আসনে থাকা চালকের সহকারী সোহাগ আটকে যান। স্থানীয় লোকজন চেষ্টা চালিয়েও তাঁকে উদ্ধার করতে না পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে সকাল সাতটার দিকে হাইওয়ে পুলিশ দুটি ক্রেন নিয়ে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধারকাজে যোগ দেন। এর আগে স্থানীয় লোকজন লরি থেকে কিছু রড নামিয়ে ফেলেন। পরে ওই ক্রেন দিয়ে কৌশলে সোহাগকে উদ্ধার করা হয়। তাঁকে ফায়ার সার্ভিসের একটি গাড়িতে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী রবিন অধিকারী ও জহিরুল ইসলামের ভাষ্য, ‘রডবোঝাই গাড়িটি দ্রুত গতিতে কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় আমরা বিকট আওয়াজ শুনতে পাই। দ্রুত সেখানে গিয়ে দেখি লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। সেখানে আটকে আছে একজন। আমরা তাঁকে উদ্ধারের চেষ্টা করি। কয়েকজন মিলে গাড়ির ওপর থেকে রড ফেলে দিই। কিন্তু ওই ব্যক্তিকে উদ্ধার করতে না পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিই। পরে পুলিশ ক্রেন নিয়ে এসে তাঁকে উদ্ধার করে।’
কুমিরা ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, চালকের সহকারী লরির সামনের অংশে আটকে আছেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়।’
কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, বেপরোয়া গতিতে চালানোর কারণে লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে এই দুর্ঘটনা ঘটে। লরিতে ৪০ টনেরও বেশি রড বোঝাই ছিল বলে দাবি করেন তিনি।