দুই ঘণ্টার চেষ্টায় সাভারের ব্যাটারি কারখানায় আগুন নিয়ন্ত্রণে
ঢাকার সাভারে একটি ব্যাটারি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিপুল পরিমাণ ব্যাটারি ও যন্ত্রসহ কারখানা পুড়ে গেছে। সাভার থানার পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আকরাইন এলাকায় টংলি পাওয়ার টেকনোলজি বিডি লিমিটেডে আগুনের সূত্রপাত হয়। তখন কারখানার ভেতরে কোনো শ্রমিক ছিলেন না। মুহূর্তের মধ্যে আগুন এক তলা টিনের তৈরি কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার থেকে তিনটি ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো শুরু করে। দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা করে রাত ১০টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে বিপুল পরিমাণ ব্যাটারি ও যন্ত্রসহ প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।