দুই ঘণ্টার নোটিশে বান্দরবান থেকে বিদেশি স্বেচ্ছাসেবক প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান থেকে জেরি অ্যালেন নামে একজন স্বেচ্ছাসেবককে (ভলান্টিয়ার) মৌখিক নির্দেশে দুই ঘণ্টার মধ্যে ঢাকায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত শুক্রবার তড়িঘড়ি করে তাঁকে বান্দরবান ত্যাগ করতে বলা হয়। ইংল্যান্ডভিত্তিক স্বেচ্ছাসেবক সরবরাহকারী ভলান্টিয়ার সার্ভিস অর্গানাইজেশনের (ভিএসও) ঢাকা দপ্তর থেকে গতকাল রোববার অ্যালেনকে প্রত্যাহারের কথা স্বীকার করা হয়েছে। তবে কেন প্রত্যাহার করা হলো, তা জানাতে অপারগতা প্রকাশ করা হয়। ব্রিটিশ নাগরিক জেরি অ্যালেনকে ভিএসও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সাহায্যপুষ্ট প্রকল্পের মাধ্যমে বোমাং রাজার দপ্তরে নিয়োগ দিয়েছিল। জানা গেছে, সরকারি বিভিন্ন সংস্থার লোকজন প্রায় দুই মাস ধরে জেরি অ্যালেনের ব্যাপারে তদন্ত করছিলেন। তাঁর বিরুদ্ধে দুটি পাসপোর্ট রাখা, বিভিন্ন আন্দোলনে আদিবাসীদের প্ররোচিত করা ও সমাবেশ-কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের অভিযোগ রয়েছে। সম্প্রতি স্থানীয় দৈনিকে ওই অভিযোগগুলো নিয়ে সংবাদ প্রকাশিত হলে সংস্থাগুলো আরও তৎপর হয়ে ওঠে। জেরি বলেন, ‘আমাকে নিয়ে মিথ্যা প্রতিবেদন প্রকাশের কথা শুনেছি। কিন্তু কেউ তা দেখাতে পারেনি। আমি জানি না কেন বান্দরবান থেকে দুই ঘণ্টার মধ্যে চলে যেতে বলা হয়েছে।’ জেরি দাবি করেন, তাঁর পাসপোর্ট নিয়ে জটিলতা নেই এবং কখনো দুটি পাসপোর্ট তিনি করেননি। পার্বত্য অঞ্চলের রাজনীতি ও সংস্কৃতি সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তিনি আদিবাসীদের একটি জনসভা দেখতে গিয়েছিলেন দাবি করে জেরি বলেন, এই ব্যাপারে তিনি সরকারি সংস্থাগুলোর কাছে বহুবার দুঃখ প্রকাশ করেছেন। বোমাং রাজার প্রধান করণিক অরুণ কান্তি দাশ জানান, জেরি অ্যালেনকে গত বছরের নভেম্বর মাসে বান্দরবানের ঐতিহ্যগত প্রতিষ্ঠান বোমাং রাজার দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছিল। বোমাং রাজার কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধি ও দপ্তর ব্যবস্থাপনা উন্নয়নের জন্য পরামর্শক হিসেবে তিনি কাজ করতেন। জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, জেরিকে তাঁর সংস্থা প্রত্যাহার করে নিয়েছে। তাঁকে প্রত্যাহারের ব্যাপারে সরকারিভাবে কোনো কিছু বলা হয়নি। এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও ভিএসও ঢাকা কার্যালয়ের প্রধানকে পাওয়া যায়নি। প্রশাসনিক কর্মকর্তা মার্টিন মণ্ডল জেরিকে প্রত্যাহারের কথা স্বীকার করেছেন। তবে কেন তাঁকে প্রত্যাহার করা হয়েছে, তা জানাননি। বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হবে কি না, সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।