দুই ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে দুই ঘণ্টার টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা ও সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে পথচারীসহ সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে। বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে কথা বলে যানা যায়, গতকাল শুক্রবার দুপুর দেড়টা থেকে বৃষ্টি শুরু হয়ে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত টানা দুই ঘণ্টা চলে। তার আগে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। ফলে শহরের বিভিন্ন পাড়া এবং গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যায়।এ সময় জিএ একাডেমি থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্ত, শান্তি কোম্পানি রোড, সুফি সদর উদ্দিন রোড, শহীদ শহীদুল্লা কায়সার রোড, ডাক্তার পাড়া রোড, স্টেশন রোড ও আলিয়া মাদ্রাসা রোড এক হাঁটু পানিতে তলিয়ে যায়। এ ছাড়া একাডেমি এলাকায় সড়কের পাশে অনেক দোকানপাটে পানি ঢুকে যায়। শহরের সরকারি পাইলট হাইস্কুল মাঠসহ সব বিদ্যালয় মাঠ এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে।একাডেমি সড়কের মো. জাহাঙ্গীর নামে একজন ব্যবসায়ী অভিযোগ করেন, ওই এলাকায় সড়কের দুই পাশে শতাধিক গাড়ির গ্যারেজ রয়েছে। গ্যারেজের পাশের ড্রেনগুলো ভরাট হয়ে গেছে। ফলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়।শহরের শান্তি কোম্পানি রোডের অধিবাসী কে বি এম জাহাঙ্গীর আলম জানান, গত কয়েক বছরের মধ্যে এ ধরনের টানা বৃষ্টি হয়নি। ড্রেনে পানি নামতে না পেরে বিভিন্ন বাড়িতেও ঢুকে গেছে। গতকাল দুপুরে জুমার নামাজ শেষে মুসল্লিদের জুতা-স্যান্ডেল হাতে নিয়ে হাঁটু পানিতে হেঁটে হেঁটে বাসাবাড়িতে যেতে হয়েছে। ফেনী পৌরসভার ১০ নম্বর ডাক্তারপাড়া ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক ভূঞা বলেন, বর্তমান ড্রেনগুলো সময়োপযোগী না। শুধু সংস্কার করলে হবে না। ড্রেন ও খালগুলো আরও গভীর করতে হবে।