কিশোরগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এক কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন শস্যবীজ সংরক্ষণ গুদামের ছাদ ধসে পড়েছে। গত সোমবার বিকেলে ঢালাই দেওয়ার দুই ঘণ্টার মধ্যেই ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে এলাকাবাসী ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ বিএডিসি কার্যালয় থেকে জানা যায়, আপৎকালীন শস্য মজুত কর্মসূচির আওতায় বিএডিসির অর্থায়নে শহরের তারাপাশা এলাকায় নির্মিত হচ্ছে এক হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন বীজ সংরক্ষণ গুদাম। ২০১২ সালে ঢাকার মেসার্স পারিসা ট্রেড সিস্টেম লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক বছরের মধ্যে কাজ শেষ করতে কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান অতিরিক্ত মুনাফার লোভে ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তদারকি কাজে নিয়োজিতদের যোগসাজশে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। তা ছাড়া প্রকল্প কাজের নির্ধারিত মেয়াদ গত জানুয়ারি মাসে শেষ হয়ে গেলেও ধীরগতিতে চলছে এর নির্মাণকাজ। বিএডিসির আরেকটি সূত্র জানায়, অভিযোগ জানানোর পরও ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ অব্যাহত রেখেছে। সোমবার বিকেলে ছাদ ধসে পড়ার পর ঘটনাস্থলে গিয়ে তদারকির দায়িত্বে থাকা কাউকে খুঁজে পাওয়া যায়নি।বিএডিসির আপৎকালীন বীজ মজুত প্রকল্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফুল আলম জানান, প্রকল্পটি তাঁর বিভাগের হলেও তদারকির দায়িত্ব তাঁদের নয়। নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।তদারকির কাজে নিয়োজিত বিএডিসির উপসহকারী প্রকৌশলী আবদুল লতিফ বলেন, ‘সোমবার ছাদ ঢালাই করার কথা ছিল না। ছাদ ঢালাই কাজে আগে আমার উপস্থিতি নিশ্চিত করতে হবে। কিন্তু ঠিকাদারের লোকজন ঢালাই কাজ শুরু করার কিছুক্ষণ পরই ছাদের বিশাল অংশ ধসে পড়ে। দায়সারাভাবে কাজ করার কারণেই এমনটি হয়েছে। ঠিকাদারের লোকজন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় কাজের অনেক ত্রুটি ধরা পড়ে।’বিএডিসির নির্বাহী প্রকৌশলী শিবেন্দ্র নারায়ণ গোপ জানান, প্রকল্প কাজে বিভিন্ন ত্রুটি পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে তা সংশোধন করতে বলা হয়। হরতালের সুযোগ নিয়ে গোপনে ঢালাই কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। সোমবার ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনার দায়দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বলে তিনি মন্তব্য করেন।তারাপাশা পৌর কাউন্সিলর আরিফুর রহমান জানান, শুরু থেকেই এতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এ ব্যাপারে অনিয়মের অভিযোগ করলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ছাদ ধসে পড়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজটি দেখভাল করার দায়িত্বে থাকা ব্যবস্থাপক কবিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ছাদের ঠেস দুর্বল থাকায় ছাদ ধসে পড়েছে।